সুমন মাহবুব
, বার্লিন থেকে
বার্লিন, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৭২ সালে তোলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ছবি জার্মানিতে পেয়ে নিজের আবেগকে ধরে রাখতে পারলেন না বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার দুপুরে জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের সাবেক কর্মচারী আনোয়ার আলী বঙ্গবন্ধুর সঙ্গে তোলা একটি দুর্লভ ছবি শেখ হাসিনার হাতে তুলে দেন। এ সময় হাসিনার চোখে ছিলো জল।
বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী এখন জার্মানিতে। এডলন হোটেলে বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক সেমিনারে শেখ হাসিনার বক্তব্যের পর অনুষ্ঠান ঘোষক বলেন, প্রধানমন্ত্রীর জন্য একটি সারপ্রাইজ আছে।
এরপর আনোয়ার আলী প্রধানমন্ত্রীর হাতে একটি স্থিরচিত্র তুলে দেন। এতে দেখা যায়, বঙ্গবন্ধু একটি গাড়ির পেছনের আসনে বসে আছেন এবং গাড়িটি চালাচ্ছেন আনোয়ার আলী।
আনোয়ার আলী ১৯৭২ থেকে ২০০৬ সাল পর্যন্ত জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে কর্মরত ছিলেন।
আনোয়ার বলেন, "আমি ১৯৭২ সালে ফ্রাঙ্কর্ফুট বিমানবন্দরে বঙ্গবন্ধুকে লাঞ্চ করিয়েছি। খাওয়ার আগে ওই খাবার আমি নিজে খেয়ে পরীক্ষা করেছি। আমি তাকে গাড়ি চালিয়ে নিয়ে গেছি। আমি তার কথা জীবনে ভুলবো না... "
এ পর্যায়ে আনোয়ার কথা শেষ না করে কেঁদে ফেলেন। শেখ হাসিনাকে সালাম করে আনোয়ার বলেন, "আপা আপনার কিছু হবে না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আপনার জন্য দোয়া করি।"
তখন প্রধানমন্ত্রীও কেঁদে ফেলেন।
এরপর শেখ হাসিনা বলেন, "আমার বাবাকে যখন হত্যা করা হয় তখন আমার স্বামী (পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়া) কার্লশ্র"য়ে বিশ্ববিদ্যালয়ে ছিলেন। আমার বাবার হত্যার পর তৎকালীন রাষ্ট্রদূত হুমায়ুন রশীদ চৌধুরী আমাদের সাহায্য করেছিলেন। এই আনোয়ার আলীই আমাদের গাড়ি চালিয়ে বন থেকে কার্লশ্র"য়েতে নিয়ে গিয়েছিলেন। আমাদের সঙ্গে তিন দিন ছিলেন। বাবার মৃত্যুর পর শরণার্থী হিসাবে জার্মানিই আমাদের প্রথম দেশ।"
"উনি আমাকে একটি মূল্যবান উপহার দিয়েছেন। এজন্য, তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই," বলেন তিনি।
আনোয়ার আলীকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, "এত ভালবাসা, এত কিছু আছে বলেই, আপনাদের মতো লোক আছে বলেই আমি সব প্রতিকূলতা পেরুতে সাহস পাই।"
আনোয়ার আলী স্মৃতি হাতড়ে সাংবাদিকদের বলেন, ছবিটি সম্ভবত ১৯৭২ সালের জুন-জুলাই মাসে তোলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/এমআই/১৯১০ ঘ.
bdnews24