ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পত্রিকায় চাকরির মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করার দায়ে তিন জনকে কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকালে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পাশে 'মনোলোভা রেস্টুরেন্ট' থেকে টাকা গ্রহণের সময় তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- মো. আরিফ হোসেন চৌধুরী (২৪), মো. নজরুল ইসলাম ওরফে বাদশাহ (৩০) ও মো.মিজানুর রহমান (৪৬)।
র্যাবের ম্যাজিস্ট্রেট এএইচ এম আনোয়ার পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঈন উদ্দিন নামে এক ভুক্তভোগী কক্সবাজার থেকে ঢাকায় এসে ওই তিন জনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করে। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ম্যাজিস্ট্রেটের কাছে তাদের দোষ স্বীকার করায় তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাস কারাদণ্ড দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২০৩০ ঘ.
bdnews24