২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার করা সড়ক চলাচলযোগ্য, দাবি আবুল হোসেনের

গত ঈদে সংস্কার করা সড়কগুলো এখনো চলাচল উপযোগী রয়েছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2011, 11:17 AM

Updated : 24 Aug 2022, 04:37 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত ঈদে সংস্কার করা সড়কগুলো এখনো চলাচল উপযোগী রয়েছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। ঈদুল আজহার দুই সপ্তাহ আগে রোববার তিনি সংসদে বলেন, ঈদুল ফিতরের আগে তাৎক্ষণিক ব্যবস্থায় প্রায় ১৩৩ কোটি টাকা ব্যয়ে ৫ হাজার কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়েছে। রাস্তাগুলো বর্তমানে চলাচল উপযোগী রয়েছে। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বিকাল সোয়া ৪টায় সংসদ অধিবেশন শুরু হয়। বিরোধী দলের অনুপস্থিতিতেই একাদশ অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম চলছে। দিনের কার্যসূচির শুরুতে ঢাকা-২০ আসনে সরকারদলীয় সংসদ সদস্য বেনজীর আহমদের প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী ২০১১-১২ অর্থবছরের সা¤প্রতিক অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত সড়কের মেরামতের বিবরণী তুলে ধরেন। এতে বলা হয়, ঢাকা, বরিশাল, খুলনা, রংপুর, কুমিল্লা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও গোপালগঞ্জ অঞ্চলের ৪৯৫৯ দশমিক ৭১ কিলোমিটার সড়ক জরুরি মেরামত করা হয়। গত ঈদুল ফিতরের আগে বেহাল মহাসড়ক নিয়ে তোপের মুখে পড়েন আবুল হোসেন। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে তড়িঘড়ি করে সংস্কারে হাত দেওয়া হয়। ফেনী-২ আসনে বিএনপিদলীয় সংসদ সদস্য জয়নাল আবেদিন ফারুকের লিখিত প্রশ্নের জবাবে আবুল হোসেন জানান, সরকার সব সড়ক মহাসড়ক মেরামত করে চলাচলের উপযোগী করে যাওয়ার সর্বদাই সচেষ্ট। নোয়াখালী-৬ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, স্বাধীনতার আগে দেশের সড়ক পথের দৈর্ঘ্য সংক্রান্ত কোনো পরিসংখ্যান সড়ক ও জনপথ অধিদপ্তরের ডাটাবেইজে সংরক্ষিত নেই। এ বছর পর্যন্ত অধিদপ্তরের আওতায় সড়ক পথের দৈর্ঘ্য ২১ হাজার ২৭২ কিলোমিটার। ঢাকা-১০ আসনের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে আবুল হোসেন জানান, ঢাকার অরক্ষিত রেল ক্রসিংগুলো আধুনিকায়নের পরিকল্পনা 'বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের লেভেল ক্রসিং গেটগুলো পুনর্বাসন ও মান উন্নয়ন' শীর্ষক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পে লোকবল নিয়োগের প্রস্তাবও রয়েছে। ২০১৩ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি শেষ হওয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৭১৫ ঘ.