নারায়ণগঞ্জ, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা এগিয়ে চলেছে।
শনিবার আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী শামীম ওসমানের বিরুদ্ধে সমর্থকদের ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন সেলিনা হায়াত আইভী। শামীম ওসমানের পক্ষে প্রশাসন কাজ করছে বলেও এই আওয়ামী লীগ নেত্রী অভিযোগ করেন।
শামীম ওসমান রিটার্নিং অফিসারের কাছে আইভীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করছেন। তৈমুর আলম খন্দকারের অভিযোগ, তার সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করছে প্রশাসন।
শনিবার সিদ্ধিরগঞ্জে গণসংযোগকালে সেলিনা হায়াত আইভী অভিযোগ করেন, তার সমর্থকদের ভয়ভীতি দেখানো হচ্ছে। আতঙ্ক ছড়ানো হচ্ছে।
তবে সব ভয়ভীতি উপেক্ষা করে মানুষ সন্ত্রাসের বিরুদ্ধে রায় দেবে বলে প্রত্যয় ব্যক্ত করেন আইভী।
শামীম ওসমানের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, পরাজয় নিশ্চিত জেনে একটি পক্ষ বেপরোয়া হয়ে উঠেছে। প্রশাসনকে প্রভাবিত করতে তারা তৎপরতা চালাচ্ছে। নারায়ণগঞ্জ সদর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি তাদের পক্ষে কাজ করছে। রাতের বেলায় তার সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে।
আইভী বলেন, "শামীম ওসমানের বড় ভাই নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সংসদ সদস্য নাসিম ওসমান শুক্রবার বন্দরে একটি সভায় আমাকে গালিগালাজ করেছেন।"
আচরণবিধি লঙ্ঘন করে ২১ নম্বর ওয়ার্ডে নতুন করে ফেরিঘাট নির্মাণ করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি নির্বাচন কমিশনারকে আরো জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান।
শামীম ওসমান তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, যার পায়ের নিচে মাটি নেই, সেই এসব অভিযোগ করছেন। গণরায় তার পক্ষে আসবে দেখে অনেকেই আবোল তাবোল বলতে শুরু করেছে। হুমকি-ধমকি ভয়ভীতি দেখানোর প্রশ্নই আসে না।
শনিবার রিটার্নিং অফিসারের কাছে সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের পৃথক দুটি অভিযোগ দায়ের করেন শামীম ওসমান।
অভিযোগে বলা হয়, ঢাকা ওয়াসার চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোস্তফা, কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ফারুক আচরণবিধি ভঙ্গ করে শুক্রবার আইভীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালান। হিন্দু অধ্যুষিত এলাকার ভোটারদের তার পক্ষে ভোট দেওয়ার জন্য নানা ধরনের হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। আইভী নির্বাচন আচরণ বিধিমালা ভঙ্গ করে প্রচারণামূলক বক্তব্য, ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে প্রচারপত্র বিলি করছেন।
আইভীর বাসস্থান দেওভোগ এলাকায় তার কর্মী-সমর্থকরা শামীম ওসমানের পোস্টার, ফেস্টুন ছিঁড়ে ফেলছে বলেও তিনি অভিযোগ করেন।
বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী তৈমূর আলম খন্দকার অভিযোগ করেন, তার সঙ্গে পক্ষপাাতিত্ব মূলক আচরণ করা হচ্ছে। সমান চোখে তাকে দেখা হচ্ছে না। প্রচারণার ক্ষেত্রে সরকারি দলের প্রার্থীরা যা করে সেটা তিনি করলেই বাধা আসে।
শামীম ওসমান ও আইভীর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, তারা ব্যানার, ফেস্টুন টানালে কোনো সমস্যা থাকে না। কিন্তু তিনি করতে গেলে বাধা আসে।
গণসংযোগকালে দুপুরে খেতে বসলেও ম্যাজিস্ট্রেট পুলিশ হাজির হয়। বলা হয়, খাওয়া দাওয়ার আয়োজন করা হচ্ছে। বিধিলঙ্ঘনের অভিযোগ আনা হয়।
তিনি আবারো নির্বাচনে নয় ওয়ার্ডের পরিবর্তে দুই ওয়ার্ডে ইভিএম ব্যবহার করার দাবি জানান।
রিটার্নিং অফিসার বিশ্বাস লুৎফর রহমান বলেন, "আমরা সব অভিযোগ খতিয়ে দেখছি। আমাদের ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের টিম প্রতিটি এলাকায় রয়েছে। আচরণবিধি লঙ্ঘিত হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"
শামীম ওসমানের গণসংযোগ
শামীম ওসমান শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বন্দরের ২৩ নম্বর ওয়ার্ডের একরামপুর, গোলাম আসাদ রোড, কদম রসুল রোড, উইলসন রোড এলাকায় গণসংযোগ, উঠোন বৈঠক ও পথসভা করেন। বিকালে বন্দরের ২৪ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ, ইলিয়াছ শাহ রোড, টি হোসেন রোড, নোয়ার্দ্দা, কাইত্যাখালি, আমিরাবাদ, চৌরাপাড়া এলাকায় গণসংযোগ, উঠোন বৈঠক ও পথসভা করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক খুরশিদ আলম সাগর, উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম প্রমুখ।
সেলিনা হায়াত আইভী
সেলিনা হায়াত আইভী সিদ্ধিরগঞ্জের ৩, ৪ ৫ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের শিমরাইল, আজিবপুর, এলাকায় গণসংযোগ করেন। তিনি ভোটারদের বাড়ি বাড়ি যান। উঠান বৈঠক ও পথসভা করেন। এসময় তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের আহবায়ক এস এম আকরাম, শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাউদ্দিন, শহর যুবলীগের সভাপতি আহম্মদ আলী রেজা উজ্জ্বল, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিএম আরাফাত প্রমুখ।
তৈমুর আলম খন্দকার
তৈমুর আলম খন্দকার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের ১৫, ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের দেওভোগ, বাবুরাইল, বউ বাজার, পাইকপাড়া, ঋষিপাড়া গণসংযোগ করেন। বিকালে তিনি বন্দরের হরিপুর ২৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন।
এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ তালুকদার, সাবেক সাংসদ আবুল কালাম, স্থানীয় বিএনপি নেতা আবদুল হামিদ খান ভাষানী, এটিএম কামাল প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫১ ঘ.
bdnews24