গাজীপুর, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত গাজীপুর সিটি কর্পোরেশনের সীমানা স¤প্রসারণের ব্যাপারে আপত্তি নিষ্পত্তির জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রসাশন।
এ লক্ষ্যে বৃহস্পতিবার গাজীপুর ও টঙ্গী পৌরসভার অন্তর্ভুক্ত করা ছয়টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হয়েছে।
আগামী ৩০ দিনের মধ্যে ওইসব এলাকার বাসিন্দাদের নিজ নিজ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে আপত্তি জানাতে হবে।
গত সোমবার (১৭ অক্টোবর) স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় এ ছয়টি ইউনিয়নকে অন্তর্ভুক্তির ব্যাপারে প্রজ্ঞাপন জারি করে। বুধবার (১৯ অক্টোবর) তার গেজেট প্রকাশ করা হয়।
গাজীপুর পৌরসভায় যুক্ত করা হয়েছে বাসন, কাউলতিয়া, কোনাবাড়ী ও কাশিমপুর এবং টঙ্গী পৌরসভায় যুক্ত করা হয় গাছা ও পূবাইল ইউনিয়ন।
এছাড়া ক্যান্টনমেন্টের সঙ্গে বিরোধ থাকা ভানুয়া, চত্বর, চাপুলিয়া ও ফাউকান এলাকাকেও পৌরসভাভুক্ত করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) দেওয়ান মো. হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিটি কর্পোরেশনের সীমানা স¤প্রসারণের জন্য পৌরসভা আইন- ২০০৯ অনুযায়ী জেলার ছয়টি ইউনিয়নকে গাজীপুর ও টঙ্গী পৌরসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এরপরই এই আপত্তি নিষ্পত্তির বিজ্ঞপ্তি জারি করা হলো।
তিনি বলেন, ইউনিয়নগুলোর এই অন্তর্ভুক্তির ব্যাপারে এলাকার বাসিন্দাদের কোনো আপত্তি থাকলে তা এক মাসের মধ্যে দাখিল করতে হবে। আপত্তি দাখিলের ১৫ দিনের মধ্যে তা নিষ্পত্তি করা হবে।
তারপর দুই পৌরসভার বাসিন্দাদের পরামর্শ ও আপত্তির জন্য আরো একটি গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক আরো জানান, দুটি পৌরসভার সীমানা স¤প্রসারণের প্রস্তাব অনুমোদন করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। পরে এই দুটি পৌরসভা নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন গঠনের চূড়ান্ত প্রস্তাব দেওয়া হবে। মন্ত্রণালয় অনুমোদন দিলে পরে সিটি কর্পোরেশনের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।
এই প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় দুই মাস লেগে যাবে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক।
সিটি কর্পোরেশনে উন্নীত হলে সরকার একজন প্রথম শ্রেণীর কর্মকর্তাকে এর প্রশাসক হিসেবে নিয়োগ দেবে। প্রশাসকের সহায়তার জন্য সিটি কর্পোরেশন এলাকার গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে একটি সহায়তা কমিটি করা হবে। এই কমিটি ওয়ার্ড বিভক্তিকরণ ও ভোটার তালিকা হালনাগাদ করার ব্যাপারে সাহায্য করবে প্রশাসককে।
এরপরই প্রশাসক ১৮০ কার্যদিবসের মধ্যে সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়রের হাতে ক্ষমতা বুঝিয়ে দেবেন বলে জানান দেওয়ান মো. হুমায়ুন কবির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৪৮ ঘ.
bdnews24