ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দিতে পাঁচ দিনের সফরে জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার ভোর সোয়া ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি বার্লিনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শুক্রবার ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব শেখ ওয়াহেদুজ্জামান এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এই সফরে তার সঙ্গে থাকছেন।
জার্মানি সফরে রোববার বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করবেন শেখ হাসিনা। ২৫ অক্টোবর জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন করবেন দুই নেতা।
ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানি বাংলাদেশের অন্যতম বৃহৎ ব্যবসায়িক অংশীদার এবং গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হওয়ায় বাংলাদেশ-জার্মান সম্পর্কের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করবে এ সফর।
জার্মানি ইউরোপের শীর্ষ রাজনৈতিক শক্তির একটি এবং ইইউ ও জি ৮-এরও প্রভাবশালী সদস্য।
প্রধানমন্ত্রীর এ সফরে জার্মানির প্রস্তাব অনুসারে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অভিযোজন ও প্রশমণ এবং স্বাস্থ্যখাতে সহযোগিতা বিষয়ে দুটি যৌথ ঘোষণা আসতে পারে বলে আশা করা হচ্ছে।
২৪ অক্টোবর জার্মান বাংলাদেশ চেম্বার অব কমার্স আয়োজিত 'এমার্জিং মার্কেট-বাংলাদেশ' শীর্ষক এক ব্যবসায়ী ফোরামেও বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। জার্মানির শীর্ষ ব্যবসায়ী নেতা এবং বিনিয়োগকারীরা ওই অনুষ্ঠানে অংশ নেবেন।
জার্মান সাউথ এশিয়ান পার্লামেন্টারি গ্র"প প্রধানমন্ত্রীর সম্মানে এক নৌশভোজের আয়োজন করবে একই দিনে।
চলতি বছর নভেম্বরের শেষদিকে জার্মান ফেডারেল প্রেসিডেন্টের বাংলাদেশে আসার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/জেকে/২৩৫০ ঘ.
bdnews24