ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শেরেবাংলা নগর ও মাহাখালীতে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে গণভবনের সামনের রাস্তায় প্রাত ভ্রমণের সময় কাফরি জাহান চৌধুরী (৫৫) নামের এক নারী বাসচাপা পড়েন।
শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পথচারীরা কাফরি জাহানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে তৈয়বুল্লাহ চৌধুরী হাসপাতালে সাংবাদিকদের বলেন, "মা প্রতিদিন ভোরে স্যার সৈয়দ রোডের বাসা থেকে হাঁটতে বের হতেন। আজও নামাজ শেষে হাঁটতে বের হন। কিন্তু আর ফিরলেন না"
এদিকে শুক্রবার ভোরে মহাখালী বাস স্ট্যান্ডের সামনের রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়।
স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোজাম্মেল হক।
তিনি জানান, নিহতের পরনে ছিল চেক লুঙ্গি। বয়স আনুমানিক পয়ঁতাল্লিশ বছর।
লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/জেকে/২২৪১ ঘ.
bdnews24