নারায়ণগঞ্জ, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) নির্বাচনে শুধু দুই ওয়ার্ডে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার দাবিতে সরে এসেছেন বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার।
এতদিন তিনি নির্বাচনে ইভিএম একেবারে ব্যবহার না করার দাবি জানিয়ে আসছিলেন।
এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন শুক্রবার শহরের চাষাঢ়ায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে শুনানির ব্যবস্থা করে। এরপরই তিনি এ দাবি জানান।
বিকাল ৪টা ২০ মিনিটে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত একটানা শুনানি হয়। এ সময় নির্বাচন কমিশন ও তৈমুর আলম খন্দকারের প্রতিনিধিদের বক্তব্য শোনেন নির্বাচন কর্মকর্তা বিশ্বাস লুৎফর রহমান।
শুনানিতে তৈমুর আলমের পক্ষে আইটি বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির প্রয়াত নেতা কে এম ওবায়দুর রহমানের মেয়ে শ্যামা ওবায়েদ। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন ইভিএম এর উদ্ভাবক প্রকৌশলী এস এম লুৎফুল কবির।
শুনানি শেষে শ্যামা ওবায়েদ সাংবাদিকদের বলেন, এই ইভিএম মেশিন ভারতে তৈরি ইভিএম এর আদলে তৈরি করা হয়েছে। বিশ্বের অন্যান্য দেশেও মেশিনে ভোট গ্রহণ হতো। এ মেশিনে টেম্পারিং ও হ্যাকিং করা সম্ভব।
"সাতদিনের জন্য আমাদের এই মেশিন দেয়া হোক। আমরা প্রমাণ করে দেবো এই মেশিনে হ্যাকিং করা যায়," বলেন শ্যামা ওবায়েদ।
তিনি বলেন, আরেকটি সমস্যা হচ্ছে এই মেশিনে ভোট পুনর্গণনার কোনো সুযোগ নেই। যেকোনো মেশিনই আবিষ্কারের পর বৈজ্ঞানিক পরীক্ষার জন্য আরো ৮/১০টি প্রতিষ্ঠানকে দেওয়া হয়। কিন্তু বুয়েটের তৈরি এই মেশিনটি অন্য কাউকে পরীক্ষার জন্য দেওয়া হয়নি।
তৈমুর আলম খন্দকার বলেন, "আমরা প্রমাণ করেছি এই মেশিনে কারচুপি সম্ভব। তাই নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ জানিয়েছি পরীক্ষা করতে হলে ৯টি ওয়ার্ডের পরিবর্তে দু'টি ওয়ার্ডে ইভিএম ব্যবহার করা হোক।"
ইভিএম মেশিনের উদ্ভাবক এস এম লুৎফুল কবির জানান, যেকোনো মেশিনেরই সুবিধা ও অসুবিধা আছে। দীর্ঘ গবেষণার পর অসুবিধাগুলো দূর করে এই মেশিন তৈরি করা হয়েছে। এখানে হ্যাক করলে সঙ্গে সঙ্গে ধরা যায়। সমস্ত পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে এই মেশিনে কারচুপি করা সম্ভব নয়।
তবে এই মেশিনকে আরো উন্নত করা যায়। সে ব্যাপারে কারো পরামর্শ থাকলে তা গ্রহণ করা যায় বলে তিনি মন্তব্য করেন।
এ ব্যাপারে রিটার্নিং অফিসার বিশ্বাস লুৎফর রহমান বলেন, "তৈমূর আলম খন্দকার ৯টি ওয়ার্ডের পরিবর্তে ২টি ওয়ার্ডে ইভিএম ব্যবহারের আবেদন জানিয়েছেন। আমরা তার আবেদন নির্বাচন কমিশনে পাঠাবো।"
গত ১২ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনে ইভিএম ও নির্বাচন কমিশন সর্ম্পকে মন্তব্য করলে তৈমুর আলম খন্দকারকে শোকজ করে নির্বাচন কমিশন। শোকজের জবাবে তৈমুর আলম খন্দকার ইভিএম ব্যবহারে বিভিন্ন দেশে কারচুপি হওয়ার দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২০ ঘ.
bdnews24