২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে ডিসিসি'র এক বিভাগের ছুটি বাতিল

ঈদুল আযহায় কোরবানীর পশুর বর্জ্য দ্রুত অপসারণ এবং নগরকে পরিচ্ছন্ন রাখতে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) আট হাজার পরিচ্ছন্ন কর্মীসহ (ক্লিনার) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সব কর্মকর্তা ও কর্মচারির ঈদের ছুটি বাতিল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2011, 01:27 PM

Updated : 24 Aug 2022, 04:36 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল আযহায় কোরবানীর পশুর বর্জ্য দ্রুত অপসারণ এবং নগরকে পরিচ্ছন্ন রাখতে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) আট হাজার পরিচ্ছন্ন কর্মীসহ (ক্লিনার) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সব কর্মকর্তা ও কর্মচারির ঈদের ছুটি বাতিল করা হয়েছে। ঈদের বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে বৃহস্পতিবার পরিবেশ ও বন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্ত:মন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কোরবানী করা পশুর বর্জ্য বা উচ্ছিষ্ট অংশ সুষ্ঠুভাবে অপসারণের মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করতে সব সরকারি ও বেসরকারি সংস্থাসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়। সভায় ডিসিসি'র পক্ষ থেকে জানানো হয়, এবার ঈদে ঢাকা শহরের বর্জ্য পরিস্কার করতে ডিসিসি'র ১৩৭টি খোলা ট্রাক কাজ করবে। সংস্থাটির আট হাজার পরিচ্ছন্নতা কর্মী তাৎক্ষণিকভাবে এ অপসারণের কাজ করবে। এছাড়াও কোরবানির হাটের বর্জ্য অপসারণের জন্য ছয়টি পে-লোডার, চারটি টায়ার ডোজার, ২০টি ডাম্পার, পাঁচটি ট্রেইলর, দুইটি প্রাইম মোভার ও আটটি পানির গাড়ি নিয়োজিত থাকবে। বর্জ্য অপসারণের কাজ ঈদের তৃতীয় দিন পর্যন্ত চলবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ওয়াসা ও দমকল বাহিনী পানিবাহী গাড়ী দিয়ে এ কার্যক্রমে সহায়তা করবে। বর্জ্য ব্যবস্থাপনা ও অপসারণের ব্যাপারে ঢাকা মহানগরবাসীকে সচেতন করতে প্রত্যেকটি ওয়ার্ডে মাইকে প্রচারণাসহ স্টিকার ও লিফলেট বিতরণের ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা ছাড়াও সারা দেশে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের মাধ্যমে এ ধরণের লিফলেট বিতরণসহ সচেতনতামূলক কার্যক্রম নেওয়া হবে। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের পাশাপাশি সবকটি বেসরকারি চ্যানেলে এ বিষয়ে ডক্যুমেন্টারি প্রদর্শন ও বিশেষ বুলেটিন প্রচারের ব্যবস্থা নিতে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে বলে বলা হয় বিজ্ঞপ্তিতে। মন্ত্রণালয়ের সভাকক্ষে যুগ্ম-সচিব এএন সামসুদ্দিন আজাদ চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদপ্তর এবং ঢাকা সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৯২৪ ঘ.