২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে টাস্ক ফোর্স

আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2011, 11:57 AM

Updated : 24 Aug 2022, 04:36 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। বৃহস্পতিবার এই টাস্ক ফোর্স গঠন করা হয় বলে জানান, পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "বিশেষ এই কমিটি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের (টিজিটিডিসিএল) আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং গ্যাস আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে।" কমিটি তিতাস গ্যাসের আওতাধীন ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ, সোনারগাঁও, টঙ্গী, জয়দেবপুর ও গাজীপুর এলাকায় শিগগিরই ঝটিকা অভিযান চালাবে বলে জানান পেট্রোবাংলার চেয়ারম্যান। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) মহাব্যবস্থাপক মুজাহিদ উদ্দিন হোসাইনকে আহ্বায়ক করে চার সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (উৎপাদন ও বিপণন) মো. তাজুল ইসলাম মজুমদার, উপ-মহাব্যবস্থাপক পর্যায়ের তিতাস গ্যাসের একজন প্রতিনিধি এবং সদস্য সচিব পেট্রোবাংলার ব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং) মো. ফজলুল করিম। বর্তমানে তিতাসের মোট গ্রাহক সংখ্যা ১৫ লাখ ৬৩ হাজার ২৯৭ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএ/১৭৫১ ঘ.