ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচিত বিউটি পার্লার পারসোনায় ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা নিয়ে উদ্ভূত ঘটনা খতিয়ে দেখতে আরো ১০ দিন সময় নিয়েছে পুলিশ।
ঘটনা তদন্তে গঠিত কমিটির আবেদনে তৃতীয় দফা এই সময় বাড়ানো হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কমিটির সদস্য সহকারী কমিশনার নুরুল আলম।
তিনি বলেন, "এই সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে পারবো বলে আশা করছি।"
এর আগে গত ৫ ও ১৩ অক্টোবর দুই দফায় তদন্তের সময় পাঁচ দিন করে বাড়ানো হয়।
গত ৩০ সেপ্টেম্বর রাতে বনানীর ১১ নম্বর সড়কের পারসোনা বিউটি পার্লারে 'স্পা' করতে গিয়ে একজন নারী চিকিৎসক ওই কক্ষে সিসিটিভি দেখতে পান বলে অভিযোগ করেন। তার স্বামীর চিৎকার-চেচামেচিতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে গুলশান থানার উপ-পরিদর্শক মেহেদী মাসুদের উপস্থিতিতে ওই নারীর স্বামী কম্পিউটার হার্ডডিস্ক থেকে ভিডিও ফুটেজ মুছে ফেলেন। তবে আলামত ঠিক রাখতে না পারার কারণে পরে ওই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
ঘটনার তিনদিন পর ওই ঘটনাকে 'ভুল বোঝাবুঝি' আখ্যায়িত করে পারসোনা ও সেবাগ্রহীতার স্বামীর দেওয়া যৌথ বিবৃতি কয়েকটি দৈনিকে বিজ্ঞাপন হিসেবে প্রকাশিত হয়।
ঘটনা তদন্তের জন্য ৩ অক্টোবর গুলশান অঞ্চলের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিজামুল হক মোল্লাকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল।
নুরুল আলম ছাড়া অপর সদস্য হলেন সহকারী কমিশনার মিজানুর রহমান।
এদিকে এ ঘটনায় এক আইনজীবীর আবেদনে ১০ অক্টোবর হাইকোর্ট দেশের সব বিউটি পার্লারের সেবা কক্ষ থেকে সিসি ক্যামেরা অপসারণের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/১৬১৮ ঘ.
bdnews24