২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিষ্ঠাবার্ষিকীতে জগন্নাথে রঙের উৎসব

নেচে-গেয়ে, বাজি ফুটিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে শিক্ষার্থীরা। এ আনন্দে যোগ দিয়েছেন শিক্ষকরাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2011, 08:23 AM

Updated : 24 Aug 2022, 04:36 PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেচে-গেয়ে, বাজি ফুটিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে শিক্ষার্থীরা। এ আনন্দে যোগ দিয়েছেন শিক্ষকরাও। বৃহস্পতিবার সকাল ৯টায় উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ব্যানার নিয়ে অংশ নেয় এ শোভাযাত্রায়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শোভাযাত্রা নিয়ে পুরান ঢাকার রায় সাহেব বাজার ঘুরে আবার ক্যাম্পাসে ফেরেন শিক্ষক-শিক্ষার্থীরা। এরপর কেক কেটে হয় বিশ্ববিদ্যালয়ের 'জন্মদিন' উৎযাপন। শিক্ষার্থীথের নাচে-গানে, লাঠি খেলা আর রঙ উৎসবে মেতে ওঠে পুরো ক্যাম্পাস। উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ বলেন, "এ প্রতিষ্ঠা বার্ষিকীর মধ্য দিয়ে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালকে বিশ্বমানের একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।" এখন বিশ্ববিদ্যালয় হলেও শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জগন্নাথের যাত্রা শুরু ১৮৬৮ সালে স্কুল হিসেবে। জগন্নাথ রায় চৌধুরী 'জগন্নাথ স্কুল' নামে এ শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। স্কুল প্রতিষ্ঠার পর প্রসারের পর জগন্নাথ রায় চৌধুরীর ছেলে কিশোরী লাল রায় চৌধুরী ১৮৮৪ সালে একে কলেজে রূপান্তর করেন। নাম হয় 'ঢাকা জগন্নাথ কলেজ'। ১৮৮৭ সালে শিক্ষা বিভাগের নির্দেশে এর স্কুল ও কলেজ শাখা আলাদা হয়। তখন স্কুলের নাম হয় 'কিশোরী লাল জুবলী স্কুল' (বর্তমানে কে এল জুবলী স্কুল)। তবে ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে জগন্নাথে স্নাতক পর্যায়ের পাঠ্যক্রমে শিক্ষার্থী ভর্তি বন্ধ হয়ে যায়। তখন এর নাম হয় 'জগন্নাথ ইন্টারমিডিয়েট কলেজ'। এর ২৮ বছর পর ১৯৪৯ সালে পুনরায় স্নাতক ভর্তি কার্যক্রম পুনরায় শুরু হয়। ১৯৬৮ আলে জগন্নাথ কলেজ সরকারি কলেজে রূপান্তরিত করা হয়। ১৯৭৫ সালে শুরু হয় স্নাতকোত্তর পাঠ্যক্রম। এরপর ১৯৮২ সালে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তি কার্যক্রম বন্ধ করা হয়। ১৯৯১-১৯৯২ শিক্ষাবর্ষ থেকে সরকারি জগন্নাথ কলেজের শিক্ষা কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যায়। এ অবস্থা থেকেই ২০০৫ সালের ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায় শতবর্ষী এ শিক্ষা প্রতিষ্ঠান। দেশে প্রতিষ্ঠিত কোনো সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার ঘটনা এখন পর্যন্ত এক্ষেত্রেই ঘটেছে। শুরুতে চারটি অনুষদে ২৩টি বিভাগ নিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে পাঁচটি অনুষদে ২৮টি বিভাগ রয়েছে এ বিশ্ববিদ্যালয়ে। জগন্নাথে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৫ হাজার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জেকে/১৪১৪ ঘ.