২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ বসছে বিকালে

প্রধান বিরোধীদল বিএনপি ও শরিকদলগুলোর যোগ না দেওয়ার ঘোষণার মধ্য দিয়েই বৃহস্পতিবার বিকাল ৪টায় বসছে নবম জাতীয় সংসদের একাদশ অধিবশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2011, 02:47 AM

Updated : 24 Aug 2022, 04:36 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধীদল বিএনপি ও শরিকদলগুলোর যোগ না দেওয়ার ঘোষণার মধ্য দিয়েই বৃহস্পতিবার বিকাল ৪টায় বসছে নবম জাতীয় সংসদের একাদশ অধিবশন। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গত ৪ অক্টোবর সংসদের এ অধিবেশন ডাকেন। বিরোধীদল নবম অধিবেশন থেকেই সংসদে অনুপস্থিত। সর্বশেষ অষ্টম অধিবেশন চলাকালে ২৪ মার্চ অধিবেশনে অংশ নেয় বিএনপি। তবে ওইদিনও তারা ওয়াকআউট করে। বিএনপির অভিযোগ, একাদশ অধিবেশন ডাকা হলেও বিরোধীদলের সংসদ সদস্যদের আমন্ত্রণ জানানো হয়নি। গত মঙ্গলবার এক অনুষ্ঠানে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, শুধু তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার আশ্বাস পেলেই তারা সংসদে ফেরার চিন্তাভাবনা করবেন। এদিকে অধিবেশনের শুরুর আগে বিকাল ৩টায় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হবে। এতে চূড়ান্ত হবে অধিবেশনের কার্যকাল ও আলোচ্যসূচি। গত ১৮ অগাস্ট সংসদের দশম অধিবেশন বসে। মাত্র চার কার্যদিবসের ওই অধিবেশনে ১৩টি বিল সংসদে উত্থাপিত হয়, যার মধ্যে পাস হয় দুটি। ২৫ অগাস্ট ওই অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন স্পিকার আবদুল হামিদ। আ. লীগে সংসদীয় দলের বৈঠক ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভা কক্ষে অনুষ্ঠিত হবে। বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/এএল/০৮০৫ ঘ.