মৌলভীবাজার, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে এসএসসি'র নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার খবর পাওয়া গেছে।
এ ঘটনায় বিদ্যালয়টির প্রধান শিক্ষক 'অনিচ্ছাকৃত ভুলের' জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিতভাবে ক্ষমা চেয়েছেন।
সারাদেশে শিক্ষাবোর্ডের দেওয়া এক ও অভিন্ন সময়সূচি ও প্রশ্নে দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংবাদিকদের জানায়, শিক্ষাবোর্ডের সময়সূচি অনুযায়ী সোমবার (১৭ অক্টোবর) ভূগোল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু অগ্রণী উচ্চ বিদ্যালয়ে আগেরদিন রোববার ভূগোল পরীক্ষা নেওয়া হয়।
এতে আশপাশের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অগ্রণী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে ভূগোলের প্রশ্নপত্র সংগ্রহ করে পরদিন ভূগোল পরীক্ষা দেয়।
পাশের কর্মধা উচ্চ বিদ্যালয়ের প্রায় সব শিক্ষার্থী এ প্রশ্নপত্র সংগ্রহ করে।
কুলাউড়ার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, ঘটনাটি জানাজানি হলে ওইদিনই মৌলভীবাজার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মজিদ বিষয়টি তদন্তের নির্দেশ দেন।
সে অনুযায়ী কুলাউড়ার সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোমবার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে গিয়ে বন্ধ পান।
পরে তিনি মোবাইল ফোনে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পান।
তিনি আরো জানান, অগ্রণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্তাজ আলী লিখিতভাবে ক্ষমা চেয়ে একটি আবেদন করেছেন।
লিখিত বক্তব্যে অগ্রণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক বলেন, এটা তার অনিচ্ছাকৃত ভুল।
শিক্ষা কর্মকর্তা আরো বলেন, এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের এখতিয়ার শিক্ষা বোর্ডের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৬ ঘ.
bdnews24