২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিশ বিতরণ, পুলিশকে আদালতের নোটিশ

ম্যাজিস্ট্রেটকে না জানিয়ে ইলিশ মাছ বিতরণ করায় বরিশালের এক পুলিশ কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2011, 03:07 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

বরিশাল, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ম্যাজিস্ট্রেটকে না জানিয়ে ইলিশ মাছ বিতরণ করায় বরিশালের এক পুলিশ কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আদালত। মঙ্গলবার জেলার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আবুল বাশার মিঞা নোটিশ দেওয়ার এই আদেশ দেন। মহানগরীর কোতোয়ালি মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহিউদ্দিন শেখকে নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। যাদের নির্দেশে মাছ বিতরণ করা হয়েছে তাদের নামও জবাবে উল্লেখ করতে বলা হয়। আদালতের নথি থেকে জানা যায়, গত ১২ অক্টোবর চরমোনাইনাই বুখাইনগর বাজার সংলগ্ন কীর্তনখোলা নদীর তীর থেকে দেড়মন জাল ও ১০ কেজি ইলিশ মাছসহ দুই জেলেকে আটক করা হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে উদ্ধার করা মাছ এতিমখানায় বিতরণ করেন ওই পুলিশ কর্মকর্তা। মঙ্গলবার ছিল আটক দুই জেলে মো. শাহীন ও সোহেল খানের জামিন শুনানির দিন। শুনানির পর হাকিম তার আদেশে বলেন, চেরাই মাল বলে কথিত কোনো সম্পত্তি কোনো পুলিশ অফিসার জব্দ করলে তা কোনো ম্যাজিস্ট্রেটকে জানাতে হয়। ম্যাজিস্ট্রেট এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া বিধান রয়েছে। কিন্তু এএসআই মহিউদ্দিন শেখ এই বিধান অগ্রাহ্য করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে মাছ বিতরণ করেছেন, যা বেআইনি। এদিকে দুই আসামির জামিন শুনানির পরবর্তী দিন ২৩ অক্টোবর ধার্য করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৬ ঘ.