২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের অর্থপাচার মামলায় বাদিকে জেরা

তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলার বাদিকে জেরা শুরু করেছে আসামি পক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2011, 11:19 AM

Updated : 24 Aug 2022, 04:35 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলার বাদিকে জেরা শুরু করেছে আসামি পক্ষ। মঙ্গলবার ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতে এ মামলার শুনানি হয়। মামলায় তারেকের পাশাপাশি তার বন্ধু গিয়াস উদ্দিন আলম মামুনও আসামি। মামুনের আইনজীবী ব্যারিস্টার ফকরুল ইসলাম ও সানাউল্লাহ মিয়া এ দিন মামলার বাদি দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. ইব্রাহীমকে জেরা করেন। তার জেরা শেষ না হওয়ার আগেই শুনানি মুলতবি করেন বিচারক মোজ্জামেল হোসেন। বুধবারও ইব্রাহীমকে জেরা হবে। মঙ্গলবার তার জবানবন্দি গ্রহণ শেষ হয়। শুনানিতে গিয়াস আল মামুনকে মঙ্গলবার কারাগার থেকে আদালতে হাজির করা হয়। বিদেশে অবস্থানরত তারেক ছিলেন বরাবরের মতোই অনুপস্থিত। গত ৮ অগাস্ট এ আদালতে তারেক ও মামুনের বিরুদ্ধে ২০০২ সালের মুদ্রা পাচার আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠন হয়। বাদি ইব্রাহীম মঙ্গলবার আসামিদের নাম-ঠিকানা এবং বিদেশে কী পরিমাণ অর্থ পাচার করা হয়েছে, সে অভিযোগের বর্ণনা দেন। ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় এ মামলা হয়। গত বছরের ৬ জুলাই আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। মামলায় অভিযোগ করা হয়, টঙ্গীর বিসিক শিল্প নগরীতে একটি ৮০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কার্যাদেশ পাইয়ে দেওয়ার প্রতিশ্র"তি দিয়ে 'নির্মাণ কনস্ট্রাকশন' নামে একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক খাদিজা ইসলামের কাছ থেকে তারেক ও মামুন ২০০৩ সালের ১ জানুয়ারি থেকে ২০০৭ সালের ৩১ মে পর্যন্ত ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা নিয়ে তা সিঙ্গাপুরে পাচার করেন। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৭১৪ ঘ.