বেনাপোল, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরে বেনাপোলে একটি প্লাস্টিক গুদামে আগুন লেগে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে।
এস আর ইমপেক্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠানের ওই গুদামে রোববার বিকেল ৫টার দিকে বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার ব্রিগেড কর্মকর্তাদের ধারণা।
নিহত তিন জন হলেন- ইউনূস আলির ছেলে মুছা (৩০), তাহেরজুলের ছেলে বাদল (২৭) ও আব্দল খালেকের ছেলে ইমন (৩০)। এদের সবার বাড়ি বেনাপোলে।
বেনাপোল ফায়ার ব্রিগেডের দায়িত্বরত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, বেনাপোল ও ঝিকরগাছার দুটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, "প্লাস্টিক গোডাউনের ভেতরে রাসায়নিক দ্রব্য থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ সময় লেগে যায়।"
সন্ধ্যা পর্যন্ত গুদামের ২৫ শ্রমিকের খোঁজ মেলেনি বলে ফায়ার ব্রিগেড কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/২১৩০.
bdnews24