২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইব্যুনালে হাজিরা দিলেন আলীম

আব্দুল আলীমের জামিনের মেয়াদ শেষে সোমবার শুনানির নতুন তারিখ দেবে ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2011, 05:58 AM

Updated : 24 Aug 2022, 04:34 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার আব্দুল আলীম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা দিয়েছেন রোববার। এদিকে জিয়াউর রহমানের এই মন্ত্রীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের তদন্তের অগ্রগতি নিয়ে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। একাত্তরে হত্যা, লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় বিশেষ শর্তে জামিনে থাকা বিএনপির এই সাবেক নেতা রোববার সকাল সাড়ে ১০টার দিকে ট্রাইব্যুনালে আসেন। রাষ্ট্রপক্ষের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু জানান, আদালত সোমবার শুনানির নতুন তারিখ দেবে। এর আগে গত ২১ জুলাই ট্রাইব্যুনালে হাজিরা দিয়েছিলেন জিয়াউর রহমানের সময়ের মন্ত্রী আলীম। ওই দিন তার জামিনের মেয়াদ ১৬ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়। তার বিরুদ্ধে তদন্তের অগ্রগতির একটি প্রতিবেদন দেওয়ারও নির্দেশ দেয় বিচারপতি নিজামুল হক নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ-আল-মালুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার মো. মেজবাহ উদ্দিনের কাছে বৃহস্পতিবার এই প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। গোলাম আরিফ টিপু বলেন, "আব্দুল আলীমকে সেফহোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করার একটি আবেদন আগেই জমা দেওয়া ছিল। বিষয়টি এখানো শুনানির অপেক্ষায় রয়েছে।" এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আজমের বিরুদ্ধেও যুদ্ধাপরাধের অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে গত ২৭ মার্চ জয়পুরহাটের বাড়ি থেকে আলীমকে গ্রেপ্তার করা হয়। এরপর ৩১ মার্চ অশীতিপর এই বৃদ্ধকে ১ লাখ টাকায় মুচলেকা এবং ছেলে ফয়সাল আলীম ও আইনজীবী তাজুল ইসলামের জিম্মায় জামিন দেয় ট্রাইব্যুনাল। সাবেক এই সংসদ সদস্যকে দেওয়া জামিনের অন্য শর্তগুলোর মধ্যে রয়েছে- আলীমের পাসপোর্ট জমা থাকবে ট্রাইব্যুনালের নিবন্ধকের কাছে। ছেলে ফয়সাল আলীমের বনানীর বাড়িতে তাকে থাকতে হবে। ট্রাইব্যুনালের অনুমতি ছাড়া ঠিকানা বা অবস্থান পরিবর্তন করা যাবে না। গণমাধ্যমে কোনো ধরনের বক্তব্যও দিতে পারবেন না আলীম। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের সাক্ষী, একাত্তরে নির্যাতিত কেউ, ক্ষতিগ্রস্ত কোনো পরিবার, কোনো রাজনৈতিক ব্যক্তি বা দলের সঙ্গে প্রত্যক্ষভাবে, ফোনে বা কোনো ব্যক্তির মাধ্যমে কোনো ধরনের যোগাযোগ করা যাবে না। যুদ্ধাপরাধে গ্রেপ্তার নেতাদের মধ্যে আলীমই প্রথম জামিন পান। গ্রেপ্তার অন্যরা হলেন- বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী, জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১১৪৯ ঘ.