২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বালুমহালের টোল নিয়ে সংঘর্ষ, অপহৃত ১

মুন্সীগঞ্জ সদর উপজলায় মেঘনা নদীতে শনিবার রাতে বালু উত্তোলনকারীদের সঙ্গে টোল আদায়কারীর সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2011, 06:02 PM

Updated : 07 Jul 2022, 08:59 PM

মুন্সীগঞ্জ, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জ সদর উপজলায় মেঘনা নদীতে শনিবার রাতে বালু উত্তোলনকারীদের সঙ্গে টোল আদায়কারীর সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছে।

এ সময় বালু উত্তোলনকারীরা জামাল হোসেন (৪০) নামে টোল আদায়কারী দলের একজনকে অপহরণ করেছে বলে পুলিশ জানিয়েছে।

শনিবার রাতে মোল্লার চরের কাছে মেঘনা নদীতে এ সংঘর্ষ হয়।

সংঘর্ষে আহত লিটন, রানা, সোহেল ও রনিসহ ছয়জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

মুক্তারপুর নৌ ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, সংঘর্ষের সময় 'মামা ভাগ্নে এন্টারপ্রাইজ-৩' নামের একটি বাল্কহেড (বালু বহনকারী জাহাজ) গজারিয়া উপজেলার মেঘনা সেতুর কাছ থেকে আটক করা হয়েছে।

বাল্কহেডটির স্টাফ ও শ্রমিকরা পলাতক রয়েছে।

রাত ১০টায় তিনি জানান, অপহৃত জামাল হোসেনের সন্ধান এখনো পাওয়া যায়নি।

মুন্সীগঞ্জ সদর থানার সেকেন্ড অফিসার সুলতান মিয়া জানান, ট্রলারে থাকা টোল আদায়কারী এবং বাল্কহেডের স্টাফদের সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষরা বাল্কহেডে তুলে জামাল হোসেনকে নিয়ে যায়।

খালি বাল্কহেডটি আটক করে মুক্তারপুর নৌ ফাঁড়ির পাশে রাখা হয়েছে। মালিকের সন্ধান পাওয়া যায়নি, বলেন তিনি।

বালু মহালটির ইজারাদার মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. আফসার হোসেন ভূইয়া বলেন, তাদের কর্মচারীরা টোল আদায়ের টোকেন কাটার সময় বাল্কহেড'র কর্মচারীদের সঙ্গে কথা কাটাকাটি ও সংঘর্ষ হয়।

এ সময় জামাল হোসেনকে তারা কৌশলে ধরে বাল্কহেডে তুলে নিয়ে মেঘনা সেতুর দিকে চলে যায়।

এই ঘটনায় সদর থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।

অপহৃত জামাল হোসেন (৪০) মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর গ্রামের ফুল চাঁন মাদবের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৬ ঘ.