ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা চেয়ারম্যানদের বিরাজমান সমস্যা নিরসনে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, "উপজেলা চেয়ারম্যানরা যে সমস্যার সম্মুখীন হচ্ছে তা দ্রুতই নিরসন করা হবে।"
উপজেলা চেয়ারম্যানদের তাদের সমস্যা সমাধানে ধৈর্য ধরার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উপজেলা চেয়ারম্যান পরিষদের একটি প্রতিনিধি দল শনিবার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে তার বাসভবন গণভবনে দেখা করতে গেলে শেখ হাসিনা এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ পরে সাংবাদিকদের এ বিষয়ে জানান।
প্রধানমন্ত্রী উপজেলা চেয়ারম্যানদের বিভিন্ন সমস্যার কথা ধৈর্য ধরে শোনেন এবং নতুন ব্যবস্থা কার্যকর হতে সময় লাগার কথা বলেন।
দেশে দীর্ঘ সময় গণতন্ত্র না থাকায় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ঠিকমতো কাজ না করার বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অঙ্গিকারবন্ধ।
আইন অনুযায়ী উপজেলা চেয়ারম্যানদের তাদের বিভিন্ন কর্তব্যের বিষয়ে উল্লেখ করে শেখ হাসিনা তাদের যথাযথভাবে তা পালনের আহবান জানান।
প্রধানমন্ত্রী বলেন, "জনগণের কল্যাণ নিশ্চিত করতে গণতন্ত্রকে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে সরকার স্থানীয় সরকার ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে চায়।"
বৈঠকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাংসদ আব্দুল মান্নান, নূর-ই-আলম চৌধুরী লিটন উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২১৫৮ ঘ.
bdnews24