২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'গ্রামীণ ব্যাংকের বিষয়টি অভ্যন্তরীণ ব্যাপার'

গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারি কার্যক্রমে যুক্তরাষ্ট্র উদ্বেগ দেখালেও বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবেই দেখছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2011, 12:44 PM

Updated : 24 Aug 2022, 04:33 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারি কার্যক্রমে যুক্তরাষ্ট্র উদ্বেগ দেখালেও বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবেই দেখছে সরকার। গত বুধবার ওয়াশিংটনে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠকে গ্রামীণ ব্যাংক নিয়ে উদ্বেগের কথা সরাসরি জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ওয়াশিংটনের উদ্বেগের প্রতিক্রিয়া জানতে চাইলে শনিবার এক সংবাদ সম্মেলনে সরাসরি উত্তর না দিয়ে পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস তার বিশালকায় দেহ দেখিয়ে বলেন, "আমাকে আপনারা (সাংবাদিক) ভালবাসেন, আমার ওজন নিয়েও আপনারা উৎকণ্ঠিত। তবে আমার ওজন তো একেবারেই আমার নিজস্ব বিষয়।" এ বছররের শুরুতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরকার অব্যাহতি দিলে ওয়াশিংটন উষ্মা প্রকাশ করে। ওয়াশিংটনের অবস্থান ব্যাখ্যা করতে রবার্ট ব্লেক তখন ঢাকা সফর করেন। তিনি তখন বলেছিলেন, গ্রামীণ ব্যাংক জটিলতার অবসান না ঘটলে না ঢাকা-ওয়াশিংটন সম্পর্কেও প্রভাব ফেলবে। তবে এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে সরকার তখনো নিজের অবস্থানে অটল থাকে। তিস্তা চুক্তি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরে না হলেও তিস্তার পানি বণ্টন নিয়ে অন্তর্র্বতী চুক্তি শিগগিরই হবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্র সচিব। তবে তিনি সুনির্দিষ্ট সময় উল্লেখ না করে বলেন, এর কোনো নির্দিষ্ট সময়সীমা বলা যাচ্ছে না। মনমোহন সিংয়ের বাংলাদেশ সফর শেষে ৮ সেপ্টেম্বর মিজারুল বলেছিলেন, তিন মাসের মধ্যেই তিস্তা চুক্তি হবে। তিনি এখন বলছেন, "তিস্তা চুক্তির রূপরেখা চূড়ান্ত পর্যায়ে, এখন আমার পরবর্তী ধাপের কাজগুলো গুছিয়ে আনছি।" তিস্তার পানি নিয়ে ভারতের কাছে তথ্য-উপাত্ত চাওয়ার বিষয়ে সচিব বলেন, এক্ষেত্রে একটি অন্তর্র্বতীকালীন এবং একটি দীর্ঘমেয়াদি চুক্তি হবে। দুটো কাজই সমান্তরালভাবে চলবে। রোহিঙ্গা বাংলাদেশে অনিবন্ধিত এবং শরণার্থী হিসেবে থাকা নাগরিকদের ফিরিয়ে নিতে মিয়ানমার আগ্রহ প্রকাশ করেছে বলে মিজারুল জানান। তিনি বলেন, দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের এক বৈঠকে এ প্রত্যাবর্তনের বিষয়ে মতৈক্য হয়েছে। পররাষ্ট্র সচিব জানান, বাংলাদেশের কক্সকবাজারে শরণার্থী শিবিরে মিয়ানমারের ২৮ হাজার নাগরিক রয়েছে, যারা রোহিঙ্গা হিসেবে পরিচিত। এছাড়া অনিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ২ থেকে ৫ লাখের মধ্যে বলে জানান তিনি। মিজারুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই মিয়ানমার সফরে যাবেন এবং বিষয়টি নিয়ে তখন আলোচনা হবে। মায়ানমারে কিছু দিন আগে অনুষ্ঠিত নির্বাচন রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নতুন সুযোগ সৃষ্টি করেছে বলে মনে করেন তিনি। কসোভোর স্বীকৃতি সরকার কসোভোকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে এবং এটি প্রক্রিয়াধীন বলে জানান পররাষ্ট্র সচিব। বলকান অঞ্চলের মুসলিমপ্রধান রাষ্ট্র কসভোকে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্র বারবার ঢাকাকে অনুরোধ জানিয়ে আসছে। লিবিয়ার অন্তর্র্বতীকালীন সরকার হিসেবে জাতিসংঘের স্বীকৃতি দেওয়ার পরই বাংলাদেশ এনটিসিকে স্বীকৃতি দিয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব। তিনি জানান, যুদ্ধসঙ্কুল পশ্চিম আফ্রিকার দেশটিতে এখনো ৫ হাজার বাংলাদেশি রয়েছে। এ বছরের শুরুতে লিবিয়ায় যুদ্ধ শুরুর পর প্রায় ৪০ হাজার বাংলাদেশি ফিরে আসতে বাধ্য হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/আরআরডি/এমআই/১৮১৮ ঘ.