২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুতদের আত্মহুতির ঘোষণা

ঈদুল আজহার আগে চাকরিতে পুনর্বহালের দাবিতে আত্মাহুতির ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2011, 01:26 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল আজহার আগে চাকরিতে পুনর্বহালের দাবিতে আত্মাহুতির ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রতিবাদ সমাবেশে তারা এ ঘোষণা দেন। গত ২৩ অগাস্ট এক আদেশে চারদলীয় জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া ৮০৭ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর চাকরি অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। ওই আদেশের পরিপ্রেক্ষিতে ১১ সেপ্টেম্বর তাদেরকে চাকরিচ্যুতির নোটিস দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চাকুরিচ্যুত কর্মকর্তা নাজিমুদ্দিন শিশিম বলেন, "আমরা দীর্ঘ আট বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই হঠাৎ রাতের অন্ধকারে অবৈধভাবে আমাদের চাকুরিচ্যুত করা হয়েছে।" তৌফিক আজিজ মিয়া নামের আরেক কর্মকর্তা বলেন, তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও অবৈধভাবে চাকরিচ্যুত করা হয়েছে। চাকরি হারানো মুক্তিযোদ্ধা ওহাব মিয়া বলেন, "দেশ স্বাধীন করেছি। আমার প্রিয় দল, সংগঠন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আমার চাকরি রক্ষা করতে পারলো না।" জাতীয় বিশ্ববিদ্যালয় চাকরিচ্যুত, শিক্ষক, কর্মকর্তা ব্যানারে ওই সমাবেশের আয়োজন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এএল/১৯১৫ ঘ.