ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম)- চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদী ৫২ বছরে পদার্পণ করায় পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়ে তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, এতো দীর্ঘ সময় ধরে একটি পত্রিকার টিকে থাকা সত্যিই প্রশংসার যোগ্য।
বৃহস্পতিবার রাতে রাজধানীর হোটেল সারিনায় আয়োজিত আজাদীর বর্ষপূর্তির অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সবসময় জনগণের প্রতি দায়বদ্ধ থেকে সংবাদ পরিবেশন করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
১৯৬০ সালের ৫ সেপ্টেম্বর চট্টগ্রামে আত্মপ্রকাশ করে দৈনিক আজাদী। বর্তমানে পত্রিকাটিতে প্রায় ২০০ কর্মী নিয়োজিত।
দৈনিক আজাদীকে 'স্বাধীন বাংলাদেশের' প্রথম সংবাদপত্র উল্লেখ করে এর সম্পাদক এম এ মালেক বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন হয় বাংলাদেশ। ১৭ ডিসেম্বর সকালে আজাদী ছাড়া বাংলাদেশ থেকে আর কোনো পত্রিকা প্রকাশিত হয়নি।
সেদিন আজাদী ছাপা হয়েছিল লাল কালিতে। প্রধান শিরোনাম ছিল 'জয় বাংলা, বাংলার জয়'।
এম এ মালেক বলেন, "ব্যবসায়িক দিক থেকে নয়, বরং সামাজিক দায়বদ্ধতা থেকে এই পত্রিকার জন্ম।"
অনুষ্ঠানে উপস্থিত সংসদ সদস্য মইনউদ্দিন খান বাদল বলেন, "কীর্তিনাশার দেশে ৫০ বছর টিকে থাকা সত্যিই একটি বড় কীর্তি।
অন্যদের মধ্যে সমাজকল্যাণ সচিব ড. রণজিৎ বিশ্বাস, সাবেক উপ-প্রধানমন্ত্রী জামাল উদ্দিন আহমদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মাহবুবুল আলম, ড. হোসেন জিল্লুর রহমান, ব্যারিস্টার মঈনুল হোসেন, গীতি আরা সাফিয়া, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম. মোরশেদ খান, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান অনুষ্ঠানে বক্তব্য দেন।
এছাড়া নিউজটুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, ডেইলিস্টারের মাহফুজ আনাম, প্রথম আলোর মতিউর রহমান, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের তৌফিক ইমরোজ খালিদী এবং দৈনিক করোতোয়ার মোজাম্মেল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম/এমএমআর/জেকে/০০৩৪ ঘ.
bdnews24