২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের সংবাদ সম্মেলন ২০ মিনিট বিদ্যুৎহীন

ক্ষমতাসীন দলের কার্যালয়েও বিদ্যুৎ বিভ্রাট হলো সংবাদ সম্মেলন চলাকালীন। বিদ্যুৎ ফিরে এলো ২০ মিনিট পর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 04:28 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন দলের কার্যালয়েও বিদ্যুৎ বিভ্রাট হলো সংবাদ সম্মেলন চলাকালীন। বিদ্যুৎ ফিরে এলো ২০ মিনিট পর। বিরোধী দলের রোড মার্চ এবং গত মঙ্গলবার সিলেটের জনসভায় খালেদা জিয়ার বক্তব্যের জবাব দিতে আওয়ামী লীগের পক্ষ থেকে বৃহস্পতিবার বিকাল ৩টায় দলীয় ধানমন্ডিতে সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। বিকাল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা দেরিতে শুরু হয় এ সংবাদ সম্মেলন। বিকাল তিনটা ৩৩ মিনিটে হঠাৎ কার্যালয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সঙ্গেসঙ্গে সেখানে উপস্থিত বেসরকারি স্যাটেলাইট চ্যানেলগুলোর ভিডিও সাংবাদিকরা তাদের ক্যামেরার 'সান ল্যাম্প' জালিয়ে দেয়। এই অবস্থায় চ্যানেলগুলোর সাংবাদিকরা ওই আলোতে সংবাদ সম্মেলন চালিয়ে যাওয়ার অনুরোধ করেন। তখন হানিফ বলেন, "না, না। এই অবস্থায় পড়লে আপনারাই বলবেন- অন্ধকারে সংবাদ সম্মেলন হলো।" সংবাদ সম্মেলনে উপস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা তখন কার্যালয়ের-কর্মচারীদের হাঁকডাক দিয়ে জেনারেটর চালাতে বলেন। তবে, জেনারেটর ছিলো নষ্ট। সে সময় সংবাদ সম্মেলন যে কক্ষে হচ্ছিল তার পাশের কক্ষ থেকে কেউ একজন একটু গলা উঁচু করে বলেন, "অফিসের সামনের ট্রান্সফর্মার ট্রিপ করসে।" হানিফ এ সময় বিব্রত ভঙ্গিতে হেসে বলেন, "এই সময়ে তো কখনো বিদ্যুৎ যায় না। এটা চক্রান্ত হতে পারে।" আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, "দেশ কতটা গণতান্ত্রিক যে, ক্ষমতাসীন দলের অফিসেও বিদ্যুৎ যায়।" পাঁচ মিনিট বিদ্যুতের অপেক্ষা করে পরে ৩টা ৩৮ মিনিটে ক্যামেরার আলোতে হানিফ তার লিখিত বক্তব্য পড়েন। পরে ৩টা ৫৩ মিনিটে বিদ্যুৎ আসে। হানিফের সঙ্গে সংবাদ সম্মেলনে আরো ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বি এম মোজাম্মেল, আহম্মদ হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপ-দপ্তর সম্পাদ মৃনাল কান্তি দাস প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২২২১ ঘ.