২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না. গঞ্জে মেয়র প্রার্থীদের নিয়ে বিতর্ক অনুষ্ঠান

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থীদের নিয়ে ২৫ অক্টোবর নির্বাচনী বিতর্ক আয়োজন করছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 03:17 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থীদের নিয়ে ২৫ অক্টোবর নির্বাচনী বিতর্ক আয়োজন করছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার এ সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা। তিনি বলেন, "দেড় ঘণ্টাব্যাপী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে এ বিতর্ক অনুষ্ঠান সরাসরি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও দেশের প্রথম ইন্টারনেট পত্রিকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ওয়েবকাস্ট করবে।" রাত সাড়ে ৮টার বাংলা সংবাদের পর নির্বাচনী বিতর্ক শুরু হবে। নারায়ণগঞ্জের ডাকবাংলোর মাঠে মুক্ত মঞ্চ থেকে সরাসরি তা স¤প্রচার করা হবে। বৈধ ছয় মেয়র প্রার্থীকে এ বিতর্কে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে বলে জানান শামসুল হুদা। এ সময় নির্বাচন কমিশনারদের পাশাপাশি বাছাই করা দেড়শ' দর্শকও উপস্থিত থাকবেন। বিতর্ক অনুষ্ঠানটি সঞ্চালন করবেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম'র প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী। এ নির্বাচনে মেয়র পদে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের শামীম ওসমান, সেলিনা হায়াত আইভি, বিএনপি'র তৈমুর আলম খন্দকার, ইসলামী আন্দোলনের আতিকুর রহমান নান্নু মুন্সী এবং নির্দলীয় প্রার্থী শরীফ মোহাম্মদ ও আতিকুল ইসলাম জীবন। সিইসি বলেন, "প্রতিদ্বন্দ্বী ও জনগণের সরাসরি অংশগ্রহণে এ বিতর্ক অনুষ্ঠান। ভোটারদের প্রার্থী সম্পর্কে ব্যাপকভাবে জানানোর জন্য এ অনুষ্ঠান। দেশের মানুষও নির্বাচনমুখী। "শুধু এলাকাবাসী নয়, বহির্বিশ্বেও প্রবাসীরা যেন প্রার্থীদের নিয়ে এ বিতর্ক দেখতে পারে প্রথমবারের মতো সে ব্যবস্থা করছি আমরা।" প্রার্থীদের নিয়ে এ ধরনের নির্বাচনী বিতর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় নির্বাচন কমিশন। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে ২০০৮ খুলনা, রাজশাহী, সিলেট ও বরিশাল এবং ২০১০ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীদের নিয়ে নির্বাচনী সংলাপের আয়োজন করে। সুজন কাউন্সিলরদের নিয়ে অনুষ্ঠান সিইসি জানান, বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক কাউন্সিলর প্রার্থীদের নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে যতটা সম্ভব মুখোমুখি বিতর্ক করবে। এছাড়া প্রতিষ্ঠানটি কাউন্সিলরদের আট তথ্য পোস্টার ও লিফলেট আকারে ভোটারদের কাছে বিতরণ করবে। বৃহস্পতিবার সংস্থাটি আনুষ্ঠানিকভাবে ইসির কাছে এ অনুমতি নিয়েছে বলে জানান তিনি। এর আগে সকাল ১২টায় বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম'র প্রধান ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ইসি। এসময় নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, এম সাখাওয়াত হোসেন, ইসি সচিব মোহাম্মদ সাদিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নবগঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আগামী ৩০ অক্টোবর ভোটগ্রহণ হবে। ২৭টি ওয়ার্ডের কাউন্সিলার ও সংরক্ষিত নারী আসনে প্রার্থীর সংখ্যা তিন শতাধিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২১১৪ ঘ.