২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলায় অনার্স কলেজ একটির বেশি নয়

প্রতি উপজেলায় একটির বেশি কলেজে অনার্স কোর্স খোলার অনুমতি দেবে না সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 10:37 AM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতি উপজেলায় একটির বেশি কলেজে অনার্স কোর্স খোলার অনুমতি দেবে না সরকার। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম ঢেলে সাজিয়ে পুরো শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। এরপর তিনি সাংবাদিকদের বলেন, "কলেজগুলোতে উপযুক্ত শিক্ষক, অবকাঠামো এবং বিষয়- এগুলো বিবেচনায় রেখেই অনার্স কোর্স খোলার অনুমতি দেওয়া হবে। তবে প্রতি উপজেলায় একটির বেশি কলেজে অনার্স কোর্স খোলার অনুমতি দেওয়া হবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম, পাঠ্যক্রম ও বিষয়গুলোকে বাস্তবমুখী করতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে বলা হয়েছে বলে জানান মন্ত্রী। "জাতীয় বিশ্ববিদ্যালয়ে মামলা, জনবলসহ কিছু সমস্যা থাকলেও আমরা তা কাটিয়ে উঠতে চাই। বিশ্ববিদ্যালয়ের মৌলিক পরিবর্তন আনতে আমরা কাজ করছি," যোগ করেন নাহিদ। হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে গত ১১ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮২১ জন কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চাকরিচ্যুতরা এর বিরুদ্ধে আপিল করেছে। আগামী ১৬ অক্টোবর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এর শুনানি হবে। মন্ত্রী বলেন, "রায় যাই হোক তা মানতে হবে। তবে রায়ের পরেই এ বিষয়ে চিন্তাভাবনা করা হবে।" জাতীয় বিশ্ববিদ্যালয়কে বিকেন্দ্রীকরণের লক্ষ্যে প্রতি বিভাগে একটি করে আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠার কাজ চলছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, "ইতোমধ্যেই পাঁচ বিভাগে কাজ শুরু হয়েছে। কার্যালয়ের জন্য বাড়ি ভাড়া নেওয়া হয়েছে।" সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর কাজী শহীদুল্লাহ, উপ-উপাচার্য প্রফেসর তোফায়েল খান, কোষাধ্যক্ষ কাজী ফারুক উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৬৩৩ ঘ.