চট্টগ্রাম, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের হাটহাজারী ও সীতাকুণ্ড এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে হাটহাজারী থানাধীন ডাঙ্গারপোল এলাকায় দুটি সিএনজি অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে অটো রিকশা চালক আবুল বশর (৩৫) নিহত হন। তার বাবার নাম আবদুল মজিদ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গুরুতর আহত অবস্থায় সকাল সোয়া ৮টার দিকে বশরকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে সীতাকুণ্ড থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা বাইপাস এলাকায় একটি কন্টেইনারবাহী গাড়ি চাপায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
নিহত জমিলা খাতুন (৬৫) স্থানীয় রাজাপুর গ্রামের বাসিন্দা।
কুমিরা হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক আব্দুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৯টার দিকে কুমিরা বাইপাস সংলগ্ন রোজ গার্ডেন কিণ্ডারগার্টেন স্কুলে নাতনিকে পৌঁছে দিতে যাচ্ছিলেন জমিলা।
রাস্তা পার হওয়ার সময় গাড়িটি জমিলাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে নাতনি সুস্থ আছে।
পুলিশ গাড়িটি আটক করেছে। চালক পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/১৪১০ ঘ.
bdnews24