২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধিদপ্তরের জনবল সংকটে বাড়ছে নৌ ঝুঁকি

সমুদ্র পরিবহন অধিদপ্তর নিয়মিত নৌযানের ফিটনেস পরীক্ষা না করায় ত্র"টিপূর্ণ নৌযানের সংখ্যা এবং দুর্ঘটনার ঝুঁকি দিন দিন বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। জানাচ্ছেন মামুনুর রশীদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2011, 09:37 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

মামুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনবল সংকটের কারণে সমুদ্র পরিবহন অধিদপ্তর নিয়মিত নৌযানের ফিটনেস পরীক্ষা করতে না পারায় ত্র"টিপূর্ণ নৌযানের সংখ্যা এবং দুর্ঘটনার ঝুঁকি দিন দিন বাড়ছে বলে মনে করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। এক্ষেত্রে দুর্নীতির অভিযোগও উঠে এসেছে তাদের কথায়। অধিদপ্তরের মহাপরিচালক কমোডর জুবায়ের আহমেদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ কাজে সংস্থায় মোট ৫৩ জন কর্মকর্তা-কর্মচারী থাকার কথা থাকলেও কাজ করছে ৩০ জনেরও কম। "এতো অল্প লোক নিয়ে আমাদের সামগ্রিক কার্যক্রম পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে", বলেন তিনি। এর মধ্যে ইঞ্জিনিয়ার, শিপ সার্ভেয়ার এবং ইনল্যান্ড শিপ রেজিস্ট্রারের পাঁচটি পদের বিপরীতে আছেন চারজন। তাদের একজন চুক্তিতে নিয়োগপ্রাপ্ত, দুই জন অন্য সংস্থা থেকে সংযুক্তিতে দায়িত্ব পালন করছেন। আর অপরজন অধিদপ্তরের নিজস্ব কর্মী। অথচ নিয়ন্ত্রক সংস্থা হিসেবে নৌযান নির্মাণের নকশা অনুমোদন, নতুন নৌযানের নিবন্ধন, ফিটনেস পরীক্ষার মাধ্যমে নৌযানের কারিগরী ত্র"টি চিহ্নিত করাসহ সংশোধনের পদক্ষেপ নেওয়া, নৌযান পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ ও পরীক্ষা নেওয়া এবং নৌ আদালত পরিচালনা করা এই অধিদপ্তরের অন্যতম দায়িত্ব। অধিদপ্তরের তথ্য অনুযায়ী ১৯৭৭ সালের জুন থেকে ২০১০ পর্যন্ত ৩৯৬ টি নৌ-দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪ হাজার ৪৭ জন, আর নিখোঁজ ৩৪১ জন। অবশ্য নৌ দুর্ঘটনা নিয়ে সমীক্ষা পরিচালনাকারী বেসরকারি উন্নয়ন সংস্থা 'সুরক্ষা ও অগ্রগতি ফাউন্ডেশনের' (পিপিএফ) সাধারণ সম্পাদক জীবনানন্দ জয়ন্তের মতে, দুর্ঘটনায় হতাহতের সঠিক সংখ্যা আরো বেশি। "সমুদ্র অধিদপ্তরের প্রতিটি তদন্ত প্রতিবেদন অসঙ্গতি আর মিথ্যাচারে ভর্তি", বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি। নৌযান নির্মাণে নকশা প্রণয়নের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, অনেক ক্ষেত্রেই নকশার অনুমোদন দেওয়া হয় নৌযান বানানোর পর। এ বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নৌযান ও নৌযন্ত্র প্রকৌশল বিভাগের অধ্যাপক সিনিয়র মেরিটাইম কনসালটেন্ট ড. আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনেক সময় দেখা যায় মূল নকশায় নৌযানের মাপ ৬০ মিটার। কিন্তু আসলে সেটি ৫০ মিটারের।" বুধবার সকালে বিশ্ব নৌ দিবস উপলক্ষে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় সাবেক নৌ পরিবহন মন্ত্রী আ স ম আব্দুর রব বলেন, "অনেক সময় দেখা যায় জাহাজ বানানোর আগেই অধিদপ্তর সেই জাহাজের চলাচলের পারমিট দিয়ে দেয়। আমি নিজে এরকম অভিযোগে একজন কর্মকর্তাকে ওএসডি করেছিলাম।" দক্ষ ও প্রয়োজনীয় জনশক্তির অভাবকেই এ অধিদপ্তরের সবচে বড় দুর্বলতা হিসাবে চিহ্নিত করেন ড. রহিম। তিনি বলেন, "দক্ষ এবং প্রয়োজনীয় সংখ্যক সার্ভেয়ার না থাকায় প্রতিবছর এতো বিপুল সংখ্যক নৌযানের ফিটনেস পরীক্ষা করা সম্ভব হয় না। আবার দু'এক বছর আগে সরকার সার্ভের কাজ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেও অধিদপ্তরের একটি দুষ্টচক্রের কারণে তা সম্ভব হয়নি।" অধিদপ্তরের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে উল্লেখ করে জীবনানন্দ জয়ন্ত বলেন, "চলতি বছরের ২২ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী লঞ্চ এমভি বিপাশা দুর্ঘটনায় পড়লে ৩৩ জন নিহত হন। ওই অঞ্চলে রাতে লঞ্চ চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকলেও অধিদপ্তরের টাইম টেবিল সেকশন থেকে তাদের চলাচলের পারমিট দেওয়া হয়েছিলো।" এ বিষয়ে ড. আব্দুর রহিম বলেন, "অধিদপ্তরের গাফিলতি কিংবা কোনো ব্যক্তির দুর্নীতির কারণে দুর্ঘটনা ঘটলে দেখা যায় দপ্তরের কর্তাব্যক্তিরা অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা করেন। এমভি বিপাশা দুর্ঘটনার ক্ষেত্রেও এটা হয়েছিল।" অবশ্য নকশা প্রণয়ন এবং বার্ষিক ফিটনেস পরীক্ষার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর জুবায়ের। তিনি বলেন, "এটা অসত্য। তবে এ ধরনের কিছু হয়ে থাকলে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে।" অধিদপ্তরের কাজে গতি আনতে আরো ১০০ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের জন্য নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সচিব বরাবরে সুপারিশ পাঠানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি। মহা পরিচালক বলেন, "আশা করছি অল্প সময়ের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া হয়ে যাবে। আর তা হলে আমরা এই সমস্যা কাটিয়ে উঠতে পারবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/জেকে/০৩২৩ ঘ.