চট্টগ্রাম, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসায় অবহেলায় বাবার মৃত্যুর অভিযোগ এনে চট্টগ্রামের একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রের আট চিকিৎসকসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যবসায়ী।
নগরীর জিইসি মোড়ে অবস্থিত চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল প্রাইভেট লিমিটেডের চিকিৎসক-কর্মকর্তাদের বিরুদ্ধে বুধবার দুপুরে এ মামলা করেন মীর মঈনুল হাসান চৌধুরী আপেল।
মামলার আসামিরা হলেন- মেট্রোপলিটন হাসপাতালের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ডা. এফ আর শোকরানা, ডা. মাহমুদ হাসান, ডা. আবদুল হালিম, ডা. মুজিবুল হক, ডা. শফিউল হাসান, ডা. ফরিদ, ডা. ওসমান, ডা. জহির উদ্দিন আনিছ, ইঞ্জিনিয়ার মমিনুল হক, ইঞ্জিনিয়ার লোকমান, ইঞ্জিনিয়ার সেকান্দার, জাহাঙ্গীর কবীর চৌধুরী, হুমায়ুন কবীর পাটোয়ারী, ওয়ার্ড বয় সামাদ ও ইঞ্জিনিয়ার খুরশিদ আলম।
এদের অধিকাংশই ওই বেসরকারি ক্লিনিকের পরিচালক।
বাদির আইনজীবী আবছার উর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চট্টগ্রাম মহানগর হাকিম মাহাবুবুর রহমানের আদালত অভিযোগটি আমলে নিয়ে তা মামলা হিসেবে গ্রহণ এবং তদন্তের জন্য কোতয়ালী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।"
মামলায় চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যু এবং বাদিকে মারধরের অভিযোগ আনা হয়েছে।
আবছার বলেন, "বাদির বাবা মীর মোয়াজ্জেম হোসেন চৌধুরী শারীরিক অসুস্থতার কারণে গত ১ অগাস্ট মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি হন। ক্লিনিকে ভর্তির পরও চিকিৎসকরা ২ ও ৩ অগাস্ট তাকে যথাযথ চিকিৎসা দেননি এবং গাফিলতির কারণে গত ৩ অগাস্ট তিনি মারা যান বলে বাদি অভিযোগ করেছেন।"
এ ঘটনায় বাদি মঈনুল হাসান ক্লিনিক কর্তৃপক্ষকে অভিযোগ করলে গত ৫ অক্টোবর বোর্ড সভা আহবান করে বলে জানান বাদির আইনজীবী।
"সভায় বাদিকে উপস্থিত হতে বলে থানা বা আদালতে কোনপ্রকার অভিযোগ করা হবে না মর্মে মুচলেকা নেওয়ার চেষ্টা করলে বাদি তা প্রত্যাখান করে।"
এ সময় ক্লিনিকের চিকিৎসক, পরিচালকরা মিলে বাদিকে মারধর করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৮৩৫ ঘ.
bdnews24