২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবি ছাত্রের আত্মহত্যা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2011, 12:04 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

চট্টগ্রাম, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার দুপুর দেড়টার দিকে চবি ক্যাম্পাসে বেসরকারি মালিকানাধীন বায়েজীদ বোস্তামী কটেজের ১০৬ নম্বর কক্ষ থেকে প্রথম বর্ষের শিক্ষার্থী আজমীর হোসেনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নোয়াখালী জেলার হাতিয়া থানার শুল্লুকিয়া গ্রামে আজমীরের বাড়ি। তার বাবার নাম আব্দুল কাদের। চবি পুলিশ ফাঁড়ির পরিদর্শক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে খবর পেয়ে চবি প্রশাসনের সহায়তায় ওই কটেজ থেকে আজমীরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছি। তবে আজমীর আত্মহত্যার বিষয়ে কোনো কিছু লিখে যাননি। তাই প্রাথমিক অবস্থায় তার আত্মহত্যা সম্পর্কে কোনো কারণ জানা যায়নি। মঙ্গলবার রাত সাড়ে ১০টা থেকে বুধবার সকাল ১১টার কোনো এক সময় আজমীর আত্মহত্যা করে থাকতে পারে বলে ওই কটেজের অন্যান্য শিক্ষার্থীরা জানিয়েছে। চবি সহকারী প্রক্টর মোহাম্মদ মঈনুল ইসলাম বলেন, "আমরা খবর পেয়ে কটেজে এসে ১০৬ নম্বর কক্ষ ভেতর থেকে লাগানো পাই। ওই কক্ষেই আজমীর আত্মহত্যা করেছে।" চবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. জাকির হোসেন, হাটহাজারী সার্কেলের সিনিয়র এএসপি বাবুল আকতারের উপস্থিতিতে নিহতের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৮০১ ঘ.