চট্টগ্রাম, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম শহরের পাথরঘাটায় দুই দল কিশোরের মধ্যে কলহের জের ধরে বড়দের মধ্যে সংঘর্ষের পর 'সংহতি ও শান্তি সমাবেশ' হয়েছে।
বুধবার সকাল ১১টার দিকে পাথরঘাটার জলিলগঞ্জের গঙ্গাবাড়ি মোড়ে অনুষ্ঠিত শান্তি সমাবেশে চট্টগ্রামের সব রাজনৈতিক দলের নেতা ও প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।
নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী এতে সভাপতিত্বে সমাবেশে বক্তারা মঙ্গলবার রাতের ঘটনাকে 'অনাকাক্সিক্ষত' ও 'দুঃখজনক' বলে আখ্যায়িত করেন।
মঙ্গলবার বিকালে জেলেপাড়া ও বংশাল রোডের দুই দল কিশোরের মধ্যে কথা কাটাকাটির জের ধরে রাতে স্থানীয়রা সংঘর্ষে জড়ায়। এতে দুই সংবাদকর্মীসহ অন্তত ১৫ জন আহত হন। সংঘর্ষ ও ভাংচুরের পর গভীর রাত পর্যন্ত এলাকায় বিপুল সংখ্যক র্যাব ও পুলিশ মোতায়েন ছিলো।
এলাকাবাসী নেতাদের জানান, মাসখানেক আগে দুই পাড়ার মধ্যে ফুটবল খেলায় হার-জিত নিয়ে একবার ঝগড়া হয়। এর রেশ ধরেই দু'পক্ষ এ বিবাদে জড়ায়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
এ প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন বলেন, "খেলা আর রাজনীতি এক নয়। অল্প বয়সীদের মধ্যে খেলা নিয়ে যা হয়েছে তা নিয়ে কেউ রাজনীতি করছে কি না, তা আইন প্রয়োগকারী সংস্থা খতিয়ে দেখবে।"
স্থানীয়দের কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার আবুল কাশেম।
তিনি বলেন, "এলাকার অধিকাংশ মানুষ শান্তিপ্রিয়। গত রাতে অনেক ধরনের গুজব আমরা শুনেছি। পরে এর কোনো সত্যতা পাইনি।"
মেয়র মনজুর আলম বলেন, "এক ঘরে থাকলেও ঝগড়া হয়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যা হয়েছে তাতে আমরা লজ্জিত ও দুঃখিত।"
মহিউদ্দিন চৌধুরী বলেন, "যারা এ ঘটনা ঘটিয়েছে অবশ্যই তাদের বিচার হবে।"
সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের আশ্বাস দেন মন্ত্রী ও রাজনৈতিক নেতারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এমআই/১৫১৫ ঘ.
bdnews24