ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনের ন্যাশনাল পিপল'স কংগ্রেসের (এনপিসিসি) আমন্ত্রণে স্পিকার আবদুল হামিদের নেতৃত্বে ১০ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দল চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছে মঙ্গলবার।
সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এনপিসিসির স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের আমন্ত্রণে প্রতিনিধি দলটি সেখানে যায়।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম, এস কে আবু বাকের, মো. আফজাল হোসেন, সানজিদা খানম, অপু উকিল, সংসদ সচিবালয়ের যুগ্ম-সচিব সৈয়দ আহম্মদ ও সম্পদ বড়ুয়া।
সফরে প্রতিনিধি দল এনপিসিসি'র সঙ্গে বৈঠক ছাড়াও চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, সাংহাই আরবান প্লানিং এক্সিবিশন সেন্টার, ওরিয়েন্টাল পার্ল টিভি টাওয়ারসহ চীনের বহু ঐতিহাসিক নিদর্শন ও শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।
ছাত্রলীগের ১৫ সাবেক নেতাও যাচ্ছেন
চায়না কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ১৫ তরুণ নেতা ১০ দিনের সফরে বুধবার চীন যাচ্ছেন।
এ দলের নেতৃত্ব দিচ্ছেন সাবেক ছাত্রলীগ নেতা ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১২ থেকে ২১ অক্টোবর চীনা কমিউনিস্ট পার্টি আয়োজিত ইয়ুথ মেম্বারস্ অব পলিটিক্যাল পার্টিস শিরোনামে এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন তারা।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- সালাউদ্দিন মাহমুদ চৌধুরী, জহিরউদ্দিন মাহমুদ লিপটন, পনিরুজ্জামান তরুণ, মোহাম্মদ নাজমুল তুহিন, রিয়াজুল আহসান খান, মনিরুজ্জামান মনির, শেখ হাসান মেহেদী, নাফিউল করিম নাফা, গোলাম সরোয়ার কবির, সুজাদুর রহমান সুজাত, আশরাফুর রহমান, খায়রুল হাসান জুয়েল, আবদুল্লা আল মামুন ও নাসিম আল মমিন রূপক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২৩৩৮ ঘ.
bdnews24