২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের পাথরঘাটায় দুই পক্ষের সংঘর্ষ

চট্টগ্রাম নগরীর পাথরঘাটায় তুচ্ছ ঘটনার জের ধরে সংঘর্ষে দুই সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2011, 04:37 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

চট্টগ্রাম, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর পাথরঘাটায় তুচ্ছ ঘটনার জের ধরে সংঘর্ষে দুই সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। কতোয়ালি থানার এসআই মোহাম্মদ ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ৮টার দিকে পাথরঘাটার জলিলগঞ্জে গঙ্গাবাড়ির মোড়ে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। রাত ১১টার দিকে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। "স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেলে জেলেপাড়া ও বংশাল রোডের দুইদল কিশোরের মধ্যে কথা কাটাকাটির জের ধরে রাতে বড়রা এই সংঘর্ষে জড়ায়। তারা লাঠসোটা ও ইট পাটকেল নিয়ে পরস্পরের ওপর হামলা চালায়।" এ সময় ইটের আঘাতে একটি সংবাদ সংস্থার সাংবাদিক এবং একটি টিভি চ্যানেলের ক্যামেরাম্যানসহ অন্তত ১৫ জন আহত হন। সংঘর্ষের পরপরই কয়েকটি স্থাপনায় হামলা চালানো হয় বলেও খবর পাওয়া গেছে। কতোয়ালি থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।" পরিস্থিতি শান্ত হয়ে আসার পর জেলা প্রশাসক ফয়েজ আহমেদ, পুলিশ কমিশনার আবুল কাশেম, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীসহ স্থানীয় কাউন্সিলর এবং বিভিন্ন সংগঠনের নেতোরা ঘটনাস্থলে গিয়ে বিবাদমান পক্ষ দুটির সঙ্গে কথা বলেন। বুধবার সকালে স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে জেলা ও পুলিশ প্রশাসন সমঝোতা বৈঠকে বসবে বলে পুলিশ কর্মকর্তারা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/০০১৫ ঘ.