২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'নির্যাতনে' মৃত্যু: সাভারে ১৯ পুলিশ প্রত্যাহার

থানায় আটক অবস্থায় আসামির মৃত্যুর ঘটনায় সাভারের আশুলিয়া থানার কবিরপুর ফাঁড়ির ১৯ জন পুলিশকে প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2011, 02:36 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

সাভার, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- থানায় আটক অবস্থায় আসামির মৃত্যুর ঘটনায় সাভারের আশুলিয়া থানার কবিরপুর ফাঁড়ির ১৯ জন পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। ফাঁড়ির ইনচার্জ সুবেদার আবুল কালাম আজাদসহ এই ১৯ জনকে মঙ্গলবার ঢাকা পুলিশ লাইনে সংযুক্ত করা হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। তাৎক্ষণিকভাবে বাকিদের নাম জানা যায়নি। ঢাকার অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট শেখ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। শেখ রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাকে (শেখ রফিকুল ইসলাম) প্রধান করে এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) মনোয়ার হোসেন ও কোর্ট ইন্সপেক্টর রবীন্দ্র নারায়ণ সাহা। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান রফিকুল ইসলাম। পুলিশের হাতে আটক অবস্থায় সোমবার ধর্ষণ মামলার আসামি আশুলিয়ার বাইদগাঁও এলাকার বাসিন্দা ও কালিয়াকৈর উপজেলার দরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চাঁন মিয়ার (৬০) মৃত্যু হয়। আশুলিয়া থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে সম্প্রতি চাঁন মিয়াসহ আব্দুস সালাম, জামাল, সামসুল ও এমদাদুলের বিরুদ্ধে একটি মামলা হয় আশুলিয়া থানায়। মেয়েটি নিজে বাদী হয়ে মামলাটি করেন। আদালতের নির্দেশে রোববার রাতে আশুলিয়া থানায় মামলাটি (নম্বর-৩১) নথিভুক্ত করা হয়। পুলিশ কর্মকর্তা বলেন, সোমবার সকালে চাঁন মিয়াকে বাইদগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে অসুস্থ হয়ে পড়ে। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হলে সন্ধ্যায় তার মৃত্যু হয়। নিহতের ছেলে শওকত হোসেন জানান, জমিজমা নিয়ে বিরোধের কারণে এই সাজানো মামলাটি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৭ ঘ.