২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদিতে শিরশ্ছেদ নিয়ে হাইকোর্টে আবেদন

সৌদি আরবে আট বাংলাদেশির শিরশ্ছেদ ঠেকাতে পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণে সরকারের ভূমিকা যথাযথ ছিলো কি না, তা জানতে আদেশ চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2011, 08:36 AM

Updated : 24 Aug 2022, 04:31 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরবে আট বাংলাদেশির শিরশ্ছেদ ঠেকাতে পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণে সরকারের ভূমিকা যথাযথ ছিলো কি না, তা জানতে আদেশ চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন হয়েছে। মঙ্গলবার সকালে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী এ আবেদন করেন। আবেদনকারীর আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, বিচারপতি ফরিদ আহম্মেদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চে বুধবার এ আবেদনের শুনানি হবে। এক মিসরীয়কে হত্যার দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত আট বাংলাদেশিকে শুক্রবার রিয়াদে সৌদি আইন অনুযায়ী প্রকাশ্যে শিরশ্ছেদ করা হয়। মানবাধিকার সংগঠনগুলো এর তীব্র সমালোচনা করে আসছে। সৌদি সরকার ও বাংলাদেশ দূতাবাস বলছে, এ মৃত্যুদণ্ড ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া হলেও হত্যাকাণ্ডের শিকার মিসরীয় ব্যক্তির স্বজনরা ক্ষমা করতে রাজি না হওয়ায় কিছু করা যায়নি। হাইকোর্টে দায়ের রিট আবেদনে ওই বাংলাদেশিদের জীবন রক্ষায় পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তার কারণ জানাতে সরকারের প্রতি আদেশ চাওয়া হয়েছে। মনজিল মোরসেদ বলেন, "পত্রপত্রিকায় আমরা দেখছি, ওই আট বাংলাদেশি সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে কার্যকর সাহায্য এবং আইনগত সহায়তা পায়নি। এ জন্য এ রিট আবেদনটি দায়ের করা হয়েছে।" রিট আবেদনে বিবাদি করা হয়েছে পররাষ্ট্র সচিব, বৈদেশিক কর্মসংস্থান সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যপ্রাচ্য বিষয়ক বিভাগের পরিচালক, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ও লেবার কাউন্সিলরকে। রিট আবেদনের আর্জিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে দুটি কমিটি গঠনের আবেদন জানিয়ে চার সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের জীবন রক্ষায় সৌদি আরবে বাংলাদেশি দূতাবাসের ভূমিকা তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা চাওয়া হয়। এছাড়া দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের জীবন রক্ষায় কী পদক্ষেপ নেওয়া হয়েছিলো, তা জানিয়ে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চেয়েও আবেদন করা হয়। এছাড়া বাংলাদেশিদের জীবন রক্ষায় কী পদক্ষেপ নেওয়া হয়েছিলো- দুই সপ্তাহের মধ্যে তা আদালতকে জানাতে রিয়াদে বাংলাদেশের রাষ্ট্রদূতকে আদেশ দিতে অন্য একটি আবেদন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/কিউএইচ/এমআই/১৪৩০ ঘ.