২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলা দেখতে অধীর হুমায়ূন

দ্বিতীয় দফায় কেমোথেরাপি শেষে অধীর আগ্রহে বাংলাদেশের খেলা দেখার অপেক্ষায় রয়েছেন হুমায়ূন আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2011, 06:06 PM

Updated : 24 Aug 2022, 04:30 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয় দফায় কেমোথেরাপি শেষে অধীর আগ্রহে বাংলাদেশের খেলা দেখার অপেক্ষায় রয়েছেন হুমায়ূন আহমেদ। আমেরিকায় চিকিৎসাধীন হুমায়ূনের দ্বিতীয় দফা কেমোথেরাপি শেষ হয় শনিবার। তার সঙ্গে থাকা প্রকাশক মাজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভালোই আছেন হুমায়ূন আহমেদ। তিনি প্রতিদিন খানিকটা লেখালেখিও করছেন।" "এখন তিনি স্বাভাবিকভাবে খাওয়া দাওয়াও করছেন।", বলেন মাজহারুল। প্রথম দফায় কেমোথেরাপি নেওয়ার পর হুমায়ূনের ক্ষুধা কমে গিয়েছিলো। অন্যপ্রকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা মাজহারুল বলেন, "তিনি প্রতিদিনই লিখছেন এক দুই পাতা করে। আগের মতো তো আর লিখতে পারেন না। কিন্তু নিয়মিতই লিখছেন।" "আর বাংলাদেশের খেলা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন।" বৃহদান্ত্রের ক্যান্সারের চিকিৎসা করাতে গত ১৩ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যান হুমায়ূন। মাজহারুল তার সঙ্গেই সেখানে যান। তিন রুমের অ্যাপার্টমেন্টে হুমায়ূন পরিবারের সঙ্গেই থাকছেন তিনি। নিউ ইয়র্কে মেমোরিয়াল স্লোয়ান-কেটরিং ক্যান্সার সেন্টারে চিকিৎসা নিচ্ছেন হুমায়ূন। তার তৃতীয় দফা কেমোথেরাপি শুরু হওয়ার কথা ২১ অক্টোবর শুরু। মাজহারুল বলেন, "আরো পরীক্ষা করা হবে। তবে এখনই না, দ্বিতীয় সাইকেলের প্রভাব শরীরে পড়ার পর পরীক্ষা চালানো হবে।" ৪৮ ঘণ্টা করে চারটি সাইকেলে কেমোথেরাপির পর হুমায়ূনের সব ধরনের পরীক্ষা করবেন চিকিৎসকরা। হুমায়ূন আহমেদের জন্ম ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের রসায়ন বিভাগের এ অধ্যাপক উপন্যাস দিয়ে লেখালেখি শুরু করেন। পরে তিনি তার প্রতিভার বিচ্ছুরণ ঘটিয়েছেন নাটক, ছোট গল্প ও চলচ্চিত্রেও। হুমায়ূন আহমেদের অসুস্থতার খবরে তার ওপর অনেকটাই নির্ভরশীল দেশের প্রকাশনা জগতে উদ্বেগের ছায়া নেমে আসে। উদ্বেগ প্রকাশ করেছেন পাঠক-ভক্তরাও। সবারই আশা, সুস্থ হয়ে আবারও লেখায় ফিরবেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/পিডি/২৩৪৩ ঘ.