ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝামেলামুক্ত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে সফটওয়্যার উন্নত করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআরকে ডিজিটালাইজড করার মূল কমিটির সদস্য সচিব সৈয়দ মুশফেকুর রহমান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ASYCUDA World নামের এই উন্নত সফটওয়্যার পণ্যের শ্রেণীভুক্তকরণ ও শুল্কের সমতা নিশ্চিত করবে।
২০১৩ সাল নাগাদ এ সফটওয়্যার চালু হবে।
বর্তমানে ঢাকা কাস্টমস হাউজ, আইসিডি কমলাপুর, চট্টগ্রাম, মংলা ও বেনাপোল বন্দরে এই সফটওয়্যারের আগের সংস্করণ ASYCUDA ব্যবহার হচ্ছে। তারা একে অপরের সঙ্গে তথ্য বিনিময় করতে পারে না।
"বর্তমান ব্যবস্থায় চট্টগ্রাম কাস্টমস হাউজে কোনো নির্দিষ্ট পণ্যের ওপর এক ডলার এবং একই সময় ওই পণ্যের ওপর মংলা বা বেনাপোলে এক দশমিক দুই ডলার শুল্ক আরোপ হতে পারে।"
তিনি বলেন, নতুন ওই সফটওয়্যার চালুর পর দেশের সব কাস্টমস হাউজের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে তথ্যের আদান-প্রদান হবে এবং একই হারে শুল্ক আরোপের ক্ষেত্রে তাদের সমন্বিত প্লাটফর্ম তৈরি হবে।
চ্যালেঞ্জ
এ সফটওয়্যার পুরোদমে চালুর ক্ষেত্রে তা ব্যবহারে কর্মীদের সমর্থ করে তোলাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন মুশফেকুর রহমান।
তিনি বলেন, "কখনো কখনো ৫০ বছরের বেশি বয়সী কর্মীদের প্রশিক্ষিত করে তোলা কঠিন হয়ে দাঁড়ায়।"
"৩০ বছর পর এবছর আমরা ৫০ জনের বেশি সহকারী রাজস্ব কর্মকর্তা নিয়োগ করেছি এবং আগামী বছর নাগাদ আরো ২০০ জনকে নিয়োগ দেবো।"
চলতি অর্থবছরে ৯১ হাজার ৮৭০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। গতবছরের তুলনায় এ লক্ষ্যমাত্রা ২৪ শতাংশ বেশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/০০৫৮ ঘ.
bdnews24