মৌলভীবাজার, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চেক চুরি ও স্বাক্ষর জাল করে টাকা তোলার অভিযোগে মৌলভীবাজারে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের দ্ইু কর্মীকে আটক করা হয়েছে।
রোববার শহরের উত্তরা ব্যাংকের মৌলভীবাজার শাখায় এ ঘটনা ঘটে।
আটক দু'জন হলেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ডেলিভারি কর্মী দেলোয়ার হোসেন ও মোস্তাক আহমদ।
উত্তরা ব্যাংকের শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন জানান, দেলোয়ার ও মোস্তাক বিকালে একটি চেক নিয়ে ক্যাশ কাউন্টারে আসেন। চেকের প্রকৃত মালিক আবুল হোসেনের স্বাক্ষর জাল করে টাকা তোলার সময় তাদের আটক করা হয়।
সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মৌলভীবাজার শাখা ব্যবস্থাপক ইমরান আহমদ সাংবাদিকদের জানান, সেমকো লিমিটেড নামের ঢাকার একটি প্রতিষ্ঠান গত ৪ অক্টোবর মৌলভীবাজার সদর উপজেলার আবুল হোসেনের ঠিকানায় ৯৫ হাজার টাকার একটি চেক পাঠায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে।
তিনি জানান, গত ৫ অক্টোবর আবুল হোসেন তার নামে আসা খামটি সুন্দরবন কুরিয়ার সার্ভিস মৌলভীবাজার শাখা থেকে গ্রহণ করে দেখেন খাম থেকে কৌশলে চেকটি বের করে নেওয়া হয়েছে। তিনি বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানান।
সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পক্ষ থেকে এদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২৩২৮ ঘ.
bdnews24