২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্ট: অভিযোগ গঠনের শুনানি শুরু

রাষ্ট্রপক্ষের অভিযোগ উপস্থাপনের মধ্য দিয়ে ২১ অগাস্ট গ্রেনেড হামলার ঘটনায় দুই মামলার অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2011, 08:05 AM

Updated : 24 Aug 2022, 04:30 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপক্ষের অভিযোগ উপস্থাপনের মধ্য দিয়ে ২১ অগাস্ট গ্রেনেড হামলার ঘটনায় দুই মামলার অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। রোববার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে এ শুনানি শুরু হয়। মামলার ৬ আসামি রেজ্জাকুল হায়দার, আব্দুর রহিম, আশরাফুল হুদা, শাহুদুল হক, লুৎফুজ্জামান বাবর ও আরিফুল ইসলাম আরিফের পক্ষে মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করা হলে বিচারক আগামী ১৩ অক্টোবর দিন নির্ধারণ করেন। ওইদিন অভিযোগ গঠনের শুনানি আবার শুরু হবে। ২০০৪ সালের ২১ অগাস্ট রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় অন্তত ২৪ জন নিহত হয়। ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার শ্রবণ ইন্দ্রিয়। চলতি বছর ৩ জুলাই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ ৩০ জনকে আসামির তালিকায় যোগ করে ২১ অগাস্ট গ্রেনেড মামলার সম্পূরক অভিযোগপত্র দেয় সিআইডি। মামলার অন্যতম আসামি মুফতি আবদুল হান্নান গত ৭ এপ্রিল হাকিমের কাছে তারেক, হারিস, বাবরসহ কয়েকজনকে গ্রেনেড হামলার সঙ্গে জড়িয়ে জবানবন্দি দিলেও পরে তা প্রত্যাহারের আবেদন করেন। এ মামলায় কারাগারে থাকা আসামিদের রোববার শুনানির সময় আদালতে হাজির করা হয়। আসামিদের মধ্যে একজন জামিনে এবং ১৯ জন পলাতক রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৪০১ ঘ.