রাঙামাটি, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির বরকলে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ কার্যালয়ে তল্লাশি চালিয়ে অস্ত্রসহ আটক তিন জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বাকি নয় জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
শনিবার তিন জনকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান বরকল থানার ওসি মো. আব্দুল করিম।
এরা হলেনÑ ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের জুড়াছড়ি উপজেলার শাখার সভাপতি মহারঞ্জন চাকমা এবং দলের কর্মী বিকল্প চাকমা ও বাবুল চাকমা।
শুক্রবার রাত ৯টায় উপজেলার শুভলং বাজারে ইউপিডিএফ কার্যালয়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ১২ জনকে আটক করে। ওই কার্যালয় থেকে অস্ত্রও উদ্ধার করা হয়।
শনিবার সকালে মুচলেকা দিয়ে নয় জনকে স্থানীয় জনপ্রতিনিধিদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
তবে এই ঘটনাকে 'সাজানো নাটক' বলে দাবি করেছে পার্বত্য চুক্তিবিরোধী পাহাড়িদের সংগঠন ইউপিডিএফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/২০০০ ঘ.
bdnews24