ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে মেয়র পদে একক প্রার্থী ঠিক করতে শামীম ওসমান ও সেলিনা হায়াত আইভির সঙ্গে আলোচনায় বসবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।
রোববার অনুষ্ঠেয় এ বৈঠকের পরই নতুন ওই সিটি কর্পোরেশনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ঠিক হবে।
শনিবার শেখ হাসিনার উপস্থিতিতে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের বৈঠকের পর দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
৩০ অক্টোবর অনুষ্ঠেয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আইভি এবং সাবেক সংসদ সদস্য শামীম দলের সমর্থন প্রত্যাশী।
দুজনই ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ১২ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
আওয়ামী লীগ প্রধান হাসিনা দীর্ঘ দিন পর শনিবার ধানমণ্ডি কার্যালয়ে যান। কর্মী-সমর্থকদের হর্ষধ্বনির মধ্যে দুই ঘণ্টার বেশি সময় সেখানে অবস্থান করেন তিনি।
মন্ত্রিপরিষদের সদস্য, স্থানীয় সংসদ সদস্য এবং দলের কার্যনির্বাহী পরিষদের সদস্যদের নিয়ে সাংগঠনিক বিষয়ে আলোচনা করেন হাসিনা।
বৈঠকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থী ঠিক করা হয়েছে কি না- জানতে চাওয়া হলে হানিফ সাংবাদিকদের বলেন, এ নিয়ে কোনো আলোচনা হয়নি।
"রোববার সকাল ১০টায় ধানমন্ডির সভানেত্রীর কার্যালয়ের দুই প্রার্থীকে নিয়ে সংসদ উপনেতা (সাজেদা) বসবেন। এ বৈঠকে দলীয় সমর্থন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসা যাবে বলে আশা করি," যোগ করেন তিনি।
নারায়ণগঞ্জ আওয়ামী লীগের প্রভাবশালী দুই পরিবারের সদস্য শামীম ও আইভিকে নিয়ে এর আগে গণভবনেও বসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু দুজনের মধ্যে কোনো সমঝোতা হয়নি।
চারদলীয় জোট ক্ষমতায় থাকাকালীন সময়ে আইভি আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী হিসাবে নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র [তখন এ পদটিকে চেয়ারম্যান বলা হতো] নির্বাচিত হন। সেসময় শামীম ওসমান দেশে ছিলেন না।
২০০১ সালের নির্বাচনের পরই শামীম দেশের বাইরে চলে যান। তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে ফেরেন।
প্রার্থিতার ক্ষেত্রে নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ সংসদ সদস্য সারাহ বেগম কবরীর সমর্থন পাচ্ছেন আইভি। অন্যদিকে নারায়ণগঞ্জ-৫ আসনের মহাজোট শরীক জাতীয় পার্টির নাসিম ওসমানের সমর্থন রয়েছে তার ভাই শামীম ওসমানের প্রতি।
ক্ষমতাসীন দলের দুজন প্রার্থী হলে ওই নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তৈমূর আলম খন্দকারের জয়ের সুযোগ ঘটবে বলে বিরোধী দলের নেতা-কর্মীরা বলে আসছেন।
তৃণমূল ঢেলে সাজানোর নির্দেশ
হানিফ জানান, বৈঠকে প্রধানমন্ত্রী দলকে শক্তিশালী করতে বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছেন।
"তৃণমূল থেকে দলকে ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন তিনি। দলকে কীভাবে শক্তিশালী করা যায়- সে দিকে দৃষ্টি দিয়ে কাজ করতে বলেছেন," বলেন হানিফ।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জানান, সরকারের সফলতা এবং চারদলীয় সরকারের 'সন্ত্রাস-দুর্নীতির' চিত্র জনগণের সামনে তুলে ধরতে বলেছেন শেখ হাসিনা।
"বিএনপি যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিয়েছেন, তারা যুদ্ধাপরাধীদের বাঁচাতে চায়। আমরা বিষয়টা তুলে ধরতে চাই," বলেন হানিফ।
বিএনপির রোডমার্চের বিষয়ে তিনি বলেন, "আমরা গণতন্ত্রে বিশ্বাসী। বিএনপিও শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করুক।"
আওয়ামী লীগ সভানেত্রীর এটি আনুষ্ঠানিক কোনো বৈঠক ছিলো না বলে জানান হানিফ। তবে একইসঙ্গে তিনি বলেন, শনিবারের বৈঠকে চাঁপাইনবাগঞ্জ, রাজশাহী জেলা ও মহানগর, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি অনুমোদন দিয়েছেন সভানেত্রী।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউতে। ধানমণ্ডির ওই কার্যালয় আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় হিসেবে পরিচিত।
বিকাল ৪টায় হাসিনা কার্যালয়ে পৌঁছলে তাকে স্বাগত জানিয়ে কার্যালয়ের বাইরে কর্মী-সমর্থকরা মিছিল করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/এমআই/১৯৫০ ঘ.
bdnews24