২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর-বরিশালে ৬ মণ ইলিশ জব্দ

চাঁদপুর ও বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে শিকার করা সাড়ে ৬ মণ ইলিশ জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে ১২ হাজার মিটার কারেন্ট জালও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2011, 01:23 PM

Updated : 24 Aug 2022, 04:29 PM

চাঁদপুর/বরিশাল, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর ও বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে শিকার করা সাড়ে ৬ মণ ইলিশ জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে ১২ হাজার মিটার কারেন্ট জালও। মেঘনায় শিকার করা ৬০ কেজি জাটকা ও ১২ হাজার মিটার কারেন্ট জাল আটক করে চাঁদপুর কোস্টগার্ড। এ সব জাটকা মাদ্রাসায় বিতরণ করা হয় এবং জাল শহরের ডাকাতিয়া নদী তীরে পুড়িয়ে ফেলা হয়। অভিযানে নেতৃত্বে থাকা কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. জহুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত চাঁদপুর শহরের মোলহেড এলাকা থেকে ষাটনল পর্যন্ত এলাকায় অভিযান চালিয়ে এসব জাল ও জাটকা আটক করা হয়। বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন হাট বাজারে অভিযান চালিয়ে শনিবার ৫ মণ ইলিশ মাছ জব্দ করে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও পুলিশ। গৌরনদী থানার ওসি নুরুল ইসলাম বলেন, হোসনাবাদ, বাটাজোর, মাহিলাড়া, কাসেমাবাদ ও আশোকাঠীর সব বাজারে অভিযান চালানো হয়। জব্দ করা মাছ উপজেলার চারটি এতিমখানায় দেওয়া হয়েছে। ইলিশ ধরা এখন নিষিদ্ধ রয়েছে। আশ্বিনী পূর্ণিমার দিন এবং এর আগে ও পরের পাঁচ দিন করে মোট ১১ দিন সময়কে ইলিশ প্রধান প্রজনন মৌসুম ধরে ৬ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কিউএইচ/১৯১৭ ঘ.