২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রম আইন সংশোধন হবে: শ্রমমন্ত্রী

শ্রমমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, তৈরি পোশাক শিল্পে মালিক-শ্রমিক সম্পর্ককে বন্ধুত্বপূর্ণ করতে ২০০৬ সালে প্রণীত শ্রম আইনকে সংশোধন করে যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2011, 12:18 PM

Updated : 24 Aug 2022, 04:29 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, তৈরি পোশাক শিল্পে মালিক-শ্রমিক সম্পর্ককে বন্ধুত্বপূর্ণ করতে ২০০৬ সালে প্রণীত শ্রম আইনকে সংশোধন করে যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হবে। এছাড়া গার্মেন্ট কর্মীদের প্রশিক্ষণের জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ট্রেনিং সেন্টার করতে বিজিএমইএকে সহায়তার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার বিজিএমইএ ভবনে ২০১০ সালের ১৪ই ডিসেম্বর আশুলিয়ায় হামীম গ্র"পের মালিকানাধীন 'দ্যাটস ইট স্পোর্টস ওয়্যার লিমিটেড'-এ অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন ইঞ্জিনিয়ার মোশাররফ। তৈরি পোশাক শিল্পকে বাংলাদেশের 'লাইফ বার্ড' উল্লেখ করে মন্ত্রী বলেন, "এটি একটি শ্রম ঘন শিল্প। এ খাত থেকে শুধু বৈদেশিক মুদ্রাই আয় হচ্ছে তা নয়, ৪০ লাখ মানুষ এখানে কর্মরত রয়েছে। বহু মানুষের অন্নসংস্থান করছে এই তৈরি পোশাক শিল্প।" কিন্তু বিভিন্ন সময় এ শিল্পে মালিক-শ্রমিক সম্পর্ক সাংঘর্ষিক হয়ে ওঠে উল্লেখ করে ইঞ্জিনিয়ার মোশাররফ বলেছেন, "মালিক-শ্রমিক সম্পর্কের ক্ষেত্রে সরকারের ভূমিকা অনেকটা রেফারির মতো।" অনুষ্ঠানে উপস্থিত এফবিসিসিআই সভাপতি একে আজাদ মন্ত্রীকে উদ্দেশ্য করে অভিযোগ করেন, তারা অবকাঠামোগত সুবিধা পাচ্ছেন না। উদাহরণ হিসেবে তিনি চট্টগ্রাম বন্দরের 'দুরবস্থা' তুলে ধরেন। এ ছাড়া বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টিও উল্লেখ করেন তিনি। বিজিএমইএ'র সভাপতি শফিকুল ইসলাম মহিউদ্দিন অভিযোগ করেন, সরকারি রেগুলেটরি বোর্ড তাদের সঙ্গে কোন আলোচনা না করে বিভিন্ন খাতে করা আরোপ করেছে, ফলে উৎপাদন খরচ বেড়ে গেছে। ২০১০ সালের ১৪ ডিসেম্বর আশুলিয়াতে হামীম গ্র"পের মালিকানাধীন একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে মালিকপক্ষের দাবি অনুযায়ী ২৯ জন শ্রমিক নিহত হয়। হামীম গ্র"পের ম্যানেজিং ডিরেক্টর একে আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইতিপূর্বে কারখানার পক্ষ থেকে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে দেড় লাখ টাকা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বায়ারদের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে দেওয়া হয়েছে ৫ লাখ ৪৮ হাজার টাকা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/পিডি/১৮১৬ ঘ.