ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শুভেচ্ছা কোচিং সেন্টারের মালিক আবদুল মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর ছাপাখানার গ্রেপ্তারকৃত শ্রমিক শাহেনশাহ ঠাকুরের জবানবন্দির ভিত্তিতে মঙ্গলবার ভোরে তাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে।
ডিবি'র উপ-কমিশনার মহাবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১৩ সেপ্টেম্বর স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর মহাখালীর সরকারি প্রেস থেকে অন্তর্বাসের নিচে একটি প্রশ্নপত্র নিয়ে বেরিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন শাহেনশাহ ঠাকুর। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২৭ সেপ্টেম্বর রাতে ওই ছাপাখানার ব্যবস্থাপক ফাইজুর রহমান (৪৭) ও কারিগর এস এম আলমগীরকে (৩৯) গ্রেপ্তার করা হয়।
"শাহেনশাহ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শুভেচ্ছা কোচিং সেন্টারের মালিক আবদুল মান্নানের নামও বলেছে।"
শাহেনশাহের জবানবন্দির উদ্ধৃতি করে মাহবুবুর রহমান জানান, মান্নানের কাছে এক কপি প্রশ্নের দাম ১৫ লাখ টাকা চেয়েছিলো শাহেনশাহ। কিন্তু মান্নান বলেছিলো ১৫ কেনো প্রশ্নপত্র পেলে তিনি ২০ লাখ টাকা পর্যন্ত দিতে রাজি আছেন। মান্নানের ফার্মগেটের অফিসে বসেই তাদের মুখোমুখি কথাবার্তা হয়। এ সময় শাহেনশাহের মামা ছাপাখানার ব্যবস্থাপক ফাইজুরও ছিলেন।
মান্নানকে গ্রেপ্তারের পর ডিবি তাকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেয়।
মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার আগের রাতে বৃহস্পতিবার ভুয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, ব্যংক কর্মকর্তা, কোচিং সেন্টারের পরিচালকসহ কয়েকজনকে আটক করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/২১৩৩ ঘ.
bdnews24