ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচিত বিউটি পার্লার পারসোনায় ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা নিয়ে উদ্ভূত ঘটনা খতিয়ে দেখতে আরো পাঁচদিন সময় নিয়েছে পুলিশ।
বুধবার তাদের তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা ছিল।
গুলশান বিভাগের উপ কমিশনার খন্দকার লুৎফুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন সদস্যের কমিটির আবেদনে সময় বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে তারা প্রতিবেদন জমা দিতে পারবে বলে আশা করা যাচ্ছে।
গত ৩০ সেপ্টেম্বর রাতে বনানীর ১১ নম্বর সড়কের পারসোনা বিউটি পার্লারে 'স্পা' করতে গিয়ে একজন নারী চিকিৎসক ওই কক্ষে সিসিটিভি দেখতে পান বলে অভিযোগ করেন। তার স্বামীর চিৎকার-চেচামেচিতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে গুলশান থানার উপ-পরিদর্শক মেহেদী মাসুদের উপস্থিতিতে ওই নারীর স্বামী কম্পিউটার হার্ডডিস্ক থেকে ভিডিও ফুটেজ মুছে ফেলেন। তবে আলামত ঠিক রাখতে না পারার কারণে পরে ওই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
ঘটনার তিনদিন পর ওই ঘটনাকে 'ভুল বোঝাবুঝি' আখ্যায়িত করে পারসোনা ও সেবাগ্রহীতার স্বামীর দেওয়া যৌথ বিবৃতি মঙ্গলবার কয়েকটি দৈনিকে বিজ্ঞাপন হিসেবে প্রকাশিত হয়।
ঘটনা তদন্তের জন্য ৩ অক্টোবর গুলশান অঞ্চলের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিজামুল হক মোল্লাকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়।
কমিটির অপর দুই সদস্য হলেন সহকারী কমিশনার মিজানুর রহমান ও সহকারী কমিশনার নুরুল আলম। তিন দিনের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছিল।
কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা এই কয়দিন আনুষঙ্গিক কিছু কাজ সেরেছেন। বুধবার দুপুরে তারা প্রথমবারের মতো বনানী শাখায় যান এবং কর্তৃপক্ষের সঙ্গে প্রায় দুই ঘণ্টা কথা বলেন।
তিনি জানান, কমিটির সদস্যরা পারসোনার কর্ণধার কানিজ আলমাস খান, একাধিক পরিচালক এবং কর্মচারীর সঙ্গে কথা বলেন এবং জবানবন্দি রেকর্ড করেন। একই সঙ্গে তারা পারসোনার ওই 'স্পা' কক্ষসহ প্রতিটি কক্ষ ঘুরে দেখেন।
তদন্ত কর্মকর্তা জানান, সিসি ক্যমেরা মূলত সুরক্ষা এবং নিরাপত্তার কাজে ব্যবহার করা হয়। তবে অসৎ উদ্দেশে এর ব্যবহার হলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
তদন্তের জন্য পারসোনার অন্যান্য শাখাগুলোতেও তারা যেতে পারেন বলে ইংগিত দেন।
ওই কর্মকর্তা আরো বলেন, স্পা কক্ষে আদৌ সিসি ক্যামেরা ছিল কী না, কিংবা থাকলেও কী উদ্দেশ্যে সেখানে সেগুলো রাখা হয়েছিল- তা খতিয়ে দেখবে কমিটি। ওইদিন অভিযুক্ত পুলিশ কর্মকর্তা কী করেছিলেন- তাও তদন্ত করে দেখছেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/জিএনএ/২০২৪ ঘ.
bdnews24