২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাকে পানিতে চুবিয়ে হত্যা

জমি লিখে না দেওয়ায় সাভারের আশুলিয়ায় মাকে পানিতে চুবিয়ে হত্যা করেছে এক বখাটে ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2011, 10:48 AM

Updated : 24 Aug 2022, 04:28 PM

সাভার, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি লিখে না দেওয়ায় সাভারের আশুলিয়ায় মাকে পানিতে চুবিয়ে হত্যা করেছে এক বখাটে ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার সকালে আশুলিয়ার চারিগ্রাম মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত জয়তন বেগম (৫৪) মহল্লার মোরতাজ আলীর স্ত্রী। তার বখাটে ছেলে আলাউদ্দিনকে (২৫) স্থানায়রা পুলিশে সোপর্দ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আলাউদ্দিন তার মায়ের নামে থাকা কৃষি জমি তার নামে লিখে দিতে বলে। এতে জয়তন রাজি না হলে দু'জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আলাউদ্দিন তার মাকে জোর করে বাড়ি থেকে বের করে নিয়ে পাশের একটি বিলে ফেলে দেয়। পরে জয়তুনকে পানিতে চুবিয়ে হত্যা করে আলাউদ্দিন। এসময় এলাকাবাসী জয়তুনকে বাঁচাতে আসলে আলাউদ্দিন নিজের হাতে থাকা দা দিয়ে তাদের ভয় দেখায় বলে জানায় এলাকাবাসী। পরে জয়তুনের বড় ছেলে জসীম উদ্দিন ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহায়তায় আলাউদ্দিনকে ধরে পুলিশে দেয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আমিনুর রহমান সাংবাদিকদের জানান, আলাউদ্দিন বখাটে। তিনি এলাকায় সন্ত্রাসী কার্যকলাপসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আলাউদ্দিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলাউদ্দিন মাকে হত্যার কথা স্বীকার করে পুলিশকে জানিয়েছে, সে তার মাকে হত্যা করেনি। তার জ্বীন হত্যা করেছে। এ ব্যাপারে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬৪৩ ঘ.