ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ আদালতের এক আইনজীবীর লাশ তার রাজধানীর বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ।
নাজির হায়াত খান (৫৯) নামের ওই আইনজীবীর লাশ তার ধানমণ্ডির ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়।
তিনদিন আগে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
গত তিনদিন ধরে নাজির হায়াত খানের কোনো খবর না পেয়ে তার আত্মীয়স্বজন শনিবার সন্ধ্যায় ধানমণ্ডি থানায় আসে।
নাজিরের দুই ছেলেমেয়ে দেশের বাইরে থাকেন।
ধানমন্ডি থানার ওসি মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৩০ সেপ্টেম্বরের পর নাজিরের কোনো খোঁজ পাচ্ছেন না-এমন খবর নিয়ে তার স্ত্রীসহ কয়েকজন থানায় আসেন। এরপর তাদের দেওয়া ঠিকানা অনুযয়ি ধানমণ্ডি ৯/এ নম্বর সড়কের ২৩ নম্বর বাড়ির চারতলায় পুলিশ যায়।
"স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় নাজির স¤প্রতি এই ফ্ল্যাট কিনে একাই থাকতেন। তবে এই বাড়ির বিকল্প চাবি রয়েছে তার স্ত্রীর কাছে।"
ওসি বলেন, "নাজিরের স্ত্রীর কাছে থাকা চাবি দিয়ে মূল দরজা খোলার পর ভেতরে ঢুকে রক্তের দাগ দেখি। এবং শয়ন কক্ষ পর্যন্ত এই রক্তের দাগ দেখা যায়।"
তিনি জানান, বাসার ভেতর ঢোকার সঙ্গে সঙ্গে দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল। শয়ন কক্ষ খোলার পর গন্ধ আরো তীব্র হয় এবং মেঝেতে উপুড় হয়ে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় নাজিরের লাশ পড়ে থাকতে দেখা যায়। পঁচা এই লাশের হাত-পা বাঁধা অবস্থায় ছিল।
লাশের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে যোগ করেন ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২০৫৮ ঘ.
bdnews24