হংকং, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাজধানীর মহাখালী ফ্লাইওভার নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না ফার্স্ট মেটালার্জিক্যাল গ্র"প কোম্পানি লিমিটেডকে (সিএফএমসিসি) 'প্রতারণামূলক অসদাচরণের' কারণে তিন বছরের জন্য নিষিদ্ধ করেছে বিশ্বব্যাংক।
চীনের রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান চায়না মেটালার্জিক্যাল গ্র"প করপোরেশনের (এমসিসি) সহযোগী এ কোম্পানির বিরুদ্ধে চলতি বছর লিবিয়ায় দুটি এবং আফগানিস্তানে একটি খনি প্রকল্পেও দুর্নীতির অভিযোগ ওঠে। এরপর বৃহস্পতিবার বিশ্বব্যাংকের এই নিষেধাজ্ঞার ঘোষণা এলো।
বিশ্বব্যাংকের অর্থায়নে বিভিন্ন প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করার দায়িত্বে থাকা 'ওয়ার্ল্ড ব্যাংকস ইনটিগ্রিটির' ভাইস প্রেসিডেন্ট জানান, বাংলাদেশে সিএফএমসিসির সেতু প্রকল্পে বড় ধরনের অনিয়মের প্রমাণ পেয়েছেন তারা। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি।
সিএফএমসিসি বলছে, মহাখালী ফ্লাইওভার প্রকল্পের কাজ হাতে পাওয়ার আগে ২০০১ সালে বিশ্বব্যাংকের কঠোর টেন্ডার প্রক্রিয়া, আবেদনপূর্ব যোগ্যতা যাচাই এবং দর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাদের।
২ কোটি ৭ লাখ ডলারের ওই প্রকল্পের কাজ শেষ করতে প্রায় তিন বছর সময় লাগে। ২০০৪ সালের নভেম্বরে ফ্লাইওভারটি চালু করা হয়।
সিএফএমসিসির কর্মকর্তারা বলছেন, ফ্লাইওভারটি এখনো বেশ ভালো অবস্থাতেই আছে। ওই প্রকল্পের সফলতার জন্য বাংলাদেশ সরকারের কাছ থেকে তারা পুরস্কারও পায়।
তবে প্রকল্পের প্রথম দিকেই ফ্লাইওভারের নিচের অংশে ঝাঁকি প্রতিরোধক হিসেবে যে 'শক অ্যাবজরভার' কৌশল ব্যবহার করা হয় তা বিশ্বব্যাংকের মানদণ্ড অনুযায়ী হয়নি বলে অভিযোগ রয়েছে।
বিশ্বব্যাংক বলছে, এই ক্ষেত্রে তাদের দেওয়া নির্মাণ ও সন্নিবেশন নীতি মেনে চলা হয়নি। বিষয়টি তদন্ত করেই প্রতিষ্ঠানটিকে নিষিদ্ধ করে সিদ্ধান্ত হয়েছে।
অন্যদিকে সিএফএমসিজিসি জানিয়েছে, বিশ্বব্যাংক গত বছরের ডিসেম্বরে যন্ত্রাংশ কেনা ও সন্নিবেশ করা সম্পর্কে তাদের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করে। এসব যন্ত্রাংশ কেনা হয় যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান টেকস্টারের কাছ থেকে। তারপর বিশেষজ্ঞের তত্ত্বাবধানে সেগুলো সংযোজন করা হয়।
বিশ্বব্যাংকের এই নিষেধাজ্ঞার ফলে সিএফএমসিসি অর্থনৈতিকভাবে খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন না প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। তারা বলছেন, বিদেশে তাদের যেসব প্রকল্প চলছে, সেগুলো থেকে গত তিন বছরে কোম্পানির মোট আয়ের মাত্র ৬ দশমিক ৫ শতাংশ এসেছে।
২০০৮ সালে আফগানিস্তানে ৪ দশমিক ৪ বিলিয়ন ডলারের একটি তামার খনির কাজ পেতে সেদেশের খনি ও শিল্পমন্ত্রীকে ৩ কোটি ডলার ঘুষ দেওয়ার অভিযোগ ওঠার পর সিএফএমসিসির ওপর নজরদারি শুরু করে বিশ্বব্যাংক। অবশ্য সেই মন্ত্রী ঘুষ নেওয়ার কথা অস্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/জেকে/১৮২২ ঘ.
bdnews24