২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার শুরুতে সন্তোষ

দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন লেখক-সংস্কৃতিকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2011, 08:04 AM

Updated : 24 Aug 2022, 04:27 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন লেখক-সংস্কৃতিকর্মীরা। সোমবার জামায়াত নেতা সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনিসুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বহুদিন ধরে বিচার চাইছি, তা শুরু হয়েছে, এতে আমরা সন্তুষ্ট। এ বিচার প্রক্রিয়া যেন আন্তর্জাতিক মানের হয়। যাতে কারো কোনো সন্দেহ না থাকে।" সাঈদীর পাশাপাশি অন্যদের বিচারও দ্রুত শুরু করার তাগিদ দিয়েছেন তিনি। বর্তমান মহাজোট সরকারের অন্য নির্বাচনী প্রতিশ্র"তি ছিলো একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার। সরকার গঠনের এক বছরের বেশি সময় পর গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল গঠনের দেড় বছর পর প্রথম ব্যক্তি হিসেবে সাঈদীর বিচার শুরু হতে যাচ্ছে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একজন মুক্তিযোদ্ধা হিসেবে বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছি। যুদ্ধাপরাধীদের বিচার হবে এটা জাতির প্রত্যাশা ছিলো। তা ধীরে ধীরে পূরণ হচ্ছে।" বিচার কাজ শুরু করায় বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "শিগগির অন্য অপরাধীদেরও বিচার শুরু হবে এটা আশা করি।" সাঈদী ছাড়াও যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতের আরো চার নেতার বিচার শুরুর প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার রয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও আব্দুল আলীমও। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্য ডা. সরোয়ার আলী বলেন, "দীর্ঘদিন পরে হলেও এ বিচার শুরু হওয়া জাতির জন্য বিরাট ঘটনা। এদের বিচারের মধ্য দিয়ে জাতি কলঙ্কমুক্ত হবে।" "শুধু চিহ্নিত বড় বড় যুদ্ধাপরাধীদের নয়, সব যুদ্ধাপরাধীদের বিচার হতে হবে," দাবি তোলেন তিনি। মুক্তিযুদ্ধের সময় নির্যাতিত ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী বলেন, "এদের বিচারের জন্য দেশ ও জাতির দীর্ঘদিন প্রতীক্ষায় ছিলো-তা যেন পূরণ হতে যাচ্ছে। এ সংবাদ শুনে অনেক ভালো লাগছে।" "ওই সব অপরাধীদের বিচারের মধ্য দিয়ে আমরা নিজেদের সভ্য হিসেবে দাবি করতে পারবো, এটাই আমাদের বড় পাওয়া। তবে কারো প্রতি ব্যক্তি আক্রোশ থেকে নয়, সত্যিকারে যুদ্ধপরাধীদের বিচার হতে হবে," বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৪০০ ঘ.