ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সেগুন বাগিচায় নির্মাণাধীন ভবন থেকে বাঁশ পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। বাবুল হোসেন (৪০) নামে ওই ব্যক্তি ফুটপাতে পান-সিগারেট বিক্রি করতেন বলে পুলিশ জানিয়েছে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. জলিল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "নিচে চা খাওয়ার সময় হঠাৎ নির্মাধীন 'নাভানা টাওয়ারের' উপর থেকে একটি বাঁশ তার মাথায় পড়ে।"
আশেপাশের লোকজন বাবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।
এ ঘটনায় ওই টাওয়ারের নয়জন শ্রমিককে আটক করা হয়েছে বলেও জানান এসআই জলিল।
লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২০১৫ ঘ.
bdnews24